দলছুটদের তৃণমূলে ফেরাতে নারাজ সাংসদ সৌগত রায়, করলেন বিস্ফোরক মন্তব্য

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা, ২৩ মে: “তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতা নেত্রীরা আগামী ছয় মাস দলে আসতে পারবেন না, বিজেপিতে যারা গেছেন তারা তৃণমূল কর্মীদের অনেক কষ্ট দিয়েছেন তাই আমার ব্যক্তিগত মত এদের দলে ফেরানো যাবে না। আর নিলেও ৬ মাস বাদে ভাববো। যেখানে গেছে সেখানেই কিছু দিন থাক। আমাকেও অনেকে ফোন করেছেন দলে ফেরার জন্য। কিন্তু সেটা হতে দিতে চাই না।” বেলঘড়িয়া মানস বাগ সর্বজনীন দুর্গোৎসব কমিটির শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন সেন্টারের উদ্বোধন করে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়।

এদিনের এই অনুষ্ঠানে সাংসদ সৌগত রায় ছাড়াও উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর প্রধান গোপাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন সাংসদ সৌগত রায় আরো বলেন, “যারা তৃণমূল ছেড়ে চলে গিয়েছিল তারা আজ ফিরতে চেয়ে ফোন করছেন, কিন্তু তাদের এখন ফেরানো হলে সেটা তৃণমূলের অন্যান্য একনিষ্ট কর্মীদের মনবলে আঘাত হানবে। কারণ নির্বাচনের আগে অনেক কষ্ট করে অনেক বাধা সহ্য করে তারা দলকে জিতিয়েছেন। তাদের প্রতি সম্মান দেওয়া উচিত। তবে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করছে। তিনি পরবর্তীতে যা ঠিক করবেন তাই আমাদের মেনে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *