পানিহাটিতে পৌর স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন সাংসদ সৌগত রায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ ফেব্রুয়ারি: উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের নাটাগড় এলাকায় উদ্বোধন হল নতুন পৌরস্বাস্থ্য কেন্দ্রের। এই পৌরস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অধ্যাপক সৌগত রায়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ সৌগত রায় ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ পানিহাটি পুরসভার পৌরপ্রশাসক মণ্ডলীর সদস্যরা।

পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান স্বপন ঘোষের নামে গড়ে তোলা হয়েছে নতুন এই পৌরস্বাস্থ্য কেন্দ্র। স্থানীয় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে রোগীর চাপ যাতে কমে সেই কারনেই সোদপুর নাটাগড়ে নতুন এই পৌর স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

সৌগত রায় বলেন, “এই স্বাস্থ্য কেন্দ্রে সব সময় ডাক্তার থাকবেন। রোগীদের অনুরোধ করছি, তারা যেন আগে স্বাস্থ্য কেন্দ্রে তাদের সমস্যা নিয়ে আসে। স্বাস্থ্য কেন্দ্র থেকেই তারা সুস্থ হবেন। যদি স্বাস্থ্য কেন্দ্র মনে করে, তখন সেই রোগীকে বাইরে স্থানান্তরিত করা যেতে পারে। নতুন এই পৌর স্বাস্থ্য কেন্দ্র নাটাগড় এলাকার বাসিন্দাদের খুব উপকার হবে। স্বপন ঘোষ জীবদ্দশায় নিজে দাঁড়িয়ে থেকে নাটাগড়ে এই পৌর স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করে ছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *