স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ মার্চ: সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি। প্রসঙ্গত, আজ বিকেলে তিনি কল্যাণী সঙ্গম সিনেমা হলে “দা কাশ্মীর ফাইল” সিনেমা দেখতে গিয়েছিলেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। ফেরার পথে হরিণঘাটা ৭ নম্বর শিমুলতলা এলাকায় হঠাৎ তাদের গাড়ি লক্ষ্য করে দ্রুত গতিতে ছুটে আসে একটি বোমা। যা গাড়ির পেছনে লাগে এবং গাড়ির পিছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিভৎস আওয়াজ এবং আলো হয়ে যায় গোটা এলাকা। নিরাপত্তা রক্ষী বিহীন থাকার কারণে তার গাড়িতে কয়েকজন দলীয় কর্মী ছিলেন। বেশ খানিকটা দূরত্বে গাড়ির গতি থামিয়ে তারা দুষ্কৃতীদের খোঁজার চেষ্টা করলেও তারা তাদের খুঁজে পাননি। তবে, পথচলতিরা এবং ওই এলাকার স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। গাড়ির পেছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও সাংসদ জগন্নাথ সরকার ও তার দলীয় কর্মীদের কেউই আঘাতপ্রাপ্ত হননি বলেই জানিয়েছেন তিনি।
তবে সংসদ জগন্নাথ সরকার আশঙ্কা প্রকাশ করে বলেন, বোমাটি সময়ের তারতম্যের জন্য গাড়ির কাঁচ ভেদ করে গাড়ির ভেতরে চলে আসলে সকলেরই মৃত্যু ঘটতো। স্থানীয় হরিণঘাটা থানাকে এ বিষয়ে, অবহিত করানোর জন্য এবং দুষ্কৃতীদের খুঁজে শাস্তি দেওয়ার জন্য লিখিত অভিযোগ জানাবেন বলে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

