জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: জনসাধারণের সার্বিক উন্নয়নের স্বার্থে ঘাটালের সাংসদ দীপক অধিকারীর কোনওরকম সাহায্য মিলছে না। এমনকি দেখা করতে চেয়ে বার বার অনুরোধ করা সত্ত্বেও সাক্ষাতের সময়টুকুও মেলেনি বলে অভিযোগ তুলেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল শিবিরের।

ঘাটালের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, বিধায়ক হওয়ার পরেও কোনওরকম প্রশাসনিক বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এমনকি বিধানসভা এলাকার কোনও কাজের ব্যাপারেও তাকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হচ্ছে। বন্যা পরিস্থিতির সময়েও স্থানীয় প্রশাসন ও মহকুমা শাসক কোনওরকম যোগাযোগ করেননি। নতুন মহকুমা শাসকও একই পথ অনুসরণ করছেন। এই ব্যাপারে জেলা শাসকের কাছে জানালে আজও তার কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ বিজেপি বিধায়কের। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির সাথে এমন বঞ্চনা করা মানে সাধারণ মানুষের সাথে বঞ্চনা করা।
আমরা উন্নয়নের বিরোধী নই। মানুষের স্বার্থে যে কোনও দলের সাথে কাজ করতে আমি প্রস্তুত।

