উত্তর দিনাজপুরে বর্ডার হাট চালুর লক্ষ্যে ভারত- বাংলাদেশের মালন সীমান্তে জমি পরিদর্শন সাংসদ দেবশ্রী চৌধুরীর

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ এপ্রিল: উত্তর দিনাজপুরে একটি বর্ডার হাট চালু করার লক্ষ্য নিয়ে সোমবার হেমতাবাদ ব্লকের ভারত- বাংলাদেশের মালন সীমান্তে জমি পরিদর্শন করলেন সাংসদ দেবশ্রী চৌধুরী। এদিন দুপুরে বিএসএফের ১৭৫ নম্বর ব্যাটালিয়ানের পদস্থ কর্তাদের নিয়ে মালন সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপাশে দুই দেশের জিরো পয়েন্টে বর্ডার হাটের উপযুক্ত জমি পরিদর্শন করেন রায়গঞ্জের সাংসদ। হেমতাবাদের মালন সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপাশের রাস্তা সোজা গিয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে। সম্প্রতি পশ্চিমবঙ্গের ভারত ও বাংলাদেশ সীমান্তে নতুন ৫ টি বর্ডার হাট চালু করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের সরকার। আগামীদিনে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ সীমান্তে একটি বর্ডার হাট চালু করতে উদ্যোগী হয়েছেন এলাকার সাংসদ।

এদিন মালন সীমান্তের জিরো পয়েন্টে বর্ডার হাটের প্রস্তাবিত জমি পরিদর্শন করে সাংসদ দেবশ্রী চৌধুরী জানিয়েছেন, ভারত- বাংলাদেশের সীমান্তে হাট চালুর পরিকল্পনা নিয়েছে দুই দেশের সরকার। এই পরিকল্পনায় উত্তর দিনাজপুরকে সামিল করতে হেমতাবাদের মালন সীমান্তে একটি হাট চালুর প্রস্তাব কেন্দ্রের বাণিজ্য মন্ত্রীর কাছে জানাবো। মালনে আন্তর্জাতিক বর্ডার হাট চালু হলে দুই দেশের প্রান্তিক মানুষ উপকৃত হবে। হেমতাবাদের পাশাপাশি রায়গঞ্জ, ইটাহার, কালিয়াগঞ্জের বাসিন্দারা লাভবান হবে। দুই দেশের মানুষ তাদের এলাকায় উৎপাদিত মূল পন্য সহজেই আদান প্রদান করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *