কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ অক্টোবর: ঘাটাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি ৭ বছরের শিশুর বন্যার জলে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব মর্মাহত।
তিনি সোমবার ওই পরিবারের পাশে দাঁড়ালেন এবং দু লক্ষ টাকার আর্থিক সহায়তা করলেন। দেবের সামনে কান্নায় ভেঙে পড়েন ওই পরিবার। এদিন তিনি ঘাটালের বেশ কয়েকটি বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করেন।
এদিন তিনি বন্যা দুর্গত মানুষের পাশে থাকার ওপর জোর দিয়ে বলেন, এখন একটাই কথা দুর্গত মানুষের পাশে থাকতে হবে রাজনীতি পরে হবে। ঘাটালের বহুচর্চিত বিষয়ে মাস্টার প্ল্যান নিয়ে তিনি বলেন, ঘাটাল মাস্টারপ্ল্যান যেটা মানুষের আবেগ, গত পঞ্চাশ ষাট বছর ধরে তা হচ্ছে না। একমাস আগেই আমরা দিল্লিতে গিয়ে এই বিষয়ে আলোচনা করেছি। তিনি আক্ষেপের সুরে বলেন রাজনীতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে মানুষের জীবন যাপনের কোনও দাম নেই, ভোটটাই আসল। বোটে যখন আসছিলাম তখন দেখলাম অবস্থাটা। আমার নিজেরই কষ্ট হচ্ছে। জল নামছে, আবার জল উঠে যাচ্ছে। আমি এখানে এলাম তিন মাসে চারবার।

সাংসদ বলেন, এই সময় মানুষের পাশে থাকতে হবে। যাদের খাবার নেই, জল নেই ওষুধ নেই তাদের কাছে যেন আমরা প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে পৌঁছতে পারি এবং তাদের সমস্যার যতটা পারবো যেন সমাধান করার চেষ্টা করতে পারি।
আর মাত্র এক সপ্তাহ পরেই পুজো। এই বিষয়ে তিনি বলেন, ঘাটালের অর্ধেক এলাকা জলের তলায়। কি করে পুজো হবে সেই বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, গত বছরে পুজোয় মানুষ গৃহবন্দি ছিল এবছর পুজোতে ঘাটাল জলের তলায়। জলের জন্য মানুষ বাড়ি থেকে নামতে পারছে না, কি করে বলবো যে পুজো ভালো কাটুক। সব রকমের প্রাকৃতিক দুর্যোগ যেন বাংলায় এসে পড়ে গেছে বলে দেব মন্তব্য করেন। এই সময়ে আমাদের মানুষের পাশে থাকতে হবে।
বুথ লেভেলের যারা কর্মী কিংবা দুর্গত মানুষের বাড়ির কাছে যে সব কর্মী থাকেন, তাদের সতর্ক থাকতে হবে যাতে প্রয়োজনীয় জিনিস দুর্গত মানুষদের কাছে পৌঁছে দিতে পারেন। রাজনীতি পরে হবে।

এইদিন সাংসদের সাথে ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আসিস হুদাইত, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিকাশ কর, সুশান্ত মন্ডল, হাবিবুর রহমান, ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বেরা, তৃণমূল নেতৃত্ব অরুণ মন্ডল, ঘাটাল পুরসভার প্রশাসক বিভাস ঘোষ সহ অন্যান্যরা।

