জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: পশ্চিম মেদিনীপুরের দাঁতনের তৃণমূল কংগ্রেসে প্রার্থী বিক্রম চন্দ্র প্রধানের সমর্থনে তুরকাতে প্রচারে এলেন সাংসদ দেব ও সৌগত রায়। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বুধবার দুপুর নাগাদ তুরকার রানডাঙ্গার মাঠে এসে পৌঁছায় তার কপ্টার। এরপর হুডখোলা জিপে প্রার্থী বিক্রম চন্দ্র প্রধানকে নিয়ে প্রচার র্যালি করেন সাংসদ ও অভিনেতা দেব এবং সৌগত রায়। এরপর উক্ত মাঠে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে আয়জিত একটি সভায় বক্তব্য রাখেন দেব। তিনি বলেন, এখন ভোট তাই আপনারা কোনও প্ররোচনায় পা দেবেন না। বাইরে থেকে অনেকে আসছে, তারা অনেক কথা বলবে। কিন্তু আপনারা কোনও কথায় কান দেবেন না। কারণ তাঁরা বিগত নির্বাচনগুলিতে অনেক কথা বলেছে তা পূরণ করতে পারেনি। কিন্তু তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য অনেক উন্নয়ন করেছেন। আপনারা যদি আরও উন্নয়ন চান তাহলে দাঁতনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিক্রম চন্দ্র প্রধানকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

