অনলাইন পরীক্ষার দাবিতে আন্দোলন জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ার কলেজে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ জুন: অনলাইন পরীক্ষার দাবিতে আন্দোলনে নামলো জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ার কলেজের পড়ুয়াদের একাংশ। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত কলেজের প্রিন্সিপাল সহ প্রফেসর ও কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ।

পড়ুয়াদের অনেক বোঝানোর পরেও তাঁরা অনলাইনে পরীক্ষার দাবিতে অনড় থাকে। রাত আটটা নাগাদ প্রিন্সিপাল বের হয়ে আসেন।

১৫ জুন থেকে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন সেমিস্টারে অফ লাইনে পরীক্ষা শুরু হবে বলে নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এরপরেই এ দিন কলেজের গেট আটকে অন লাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ শুরু করেন পড়ুয়াদের একাংশ। আন্দোলনের জেরে কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য প্রফেসররা দীর্ঘক্ষন কলেজেই আটকে থাকেন। সন্ধের সময় কলেজ থেকে বাইরে বের হতে গেলে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয় পড়ুয়াদের। অবশেষে রাতে পড়ুয়াদের সঙ্গে আলোচনার পর কলেজের বাইরে আসেন প্রিন্সিপাল অমিতাভ রায় সহ অন্যান্যরা।

যদিও পড়ুয়াদের আন্দোলন অব্যাহত রয়েছে। ক্যামেরার সামনে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা কোনও মন্তব্য করেননি। প্রিন্সিপাল অমিতাভ রায় বলেন, “একদম অনৈতিক দাবি, মানা যাবে না। মার্চ মাস থেকে অফ লাইনে ক্লাস হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অফ লাইনে পরীক্ষা দিতে হবে। দুপুর থেকে আটকে রাখা হয় আমাদের, পুলিশ ডাকা হয়নি। পড়ুয়াদের অনেক বুঝিয়েছি, তারা বিক্ষোভ আন্দোলন থেকে সরে আসবে বলে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *