আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ সেপ্টেম্বর: জলপাইগুড়ি শহরতলির চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা ছাড়া অন্য গ্রামের টোটো শহরে চলবে না বলে আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। তারপরেও এদিন বাইরের টোটো শহরে যাতায়াত করছিল বলে অভিযোগ। পুজোর মুখে বাইরের টোটো শহরে ঢুকতে বাধা দেওয়ায় আন্দোলনে নামল জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকরা। টোটো চালকরা একজোট হয়ে মঙ্গলবার পুরসভার সামনে আন্দোলনে সামিল হলেন।
আন্দোলনকারী টোটো চালকদের দাবি, শহরে টোটো চলাচলের অনুমতি দিতে হবে। তাদের দাবি, আশেপাশে চারটি গ্রাম পঞ্চায়েতের টোটো শহরে চলবে আমাদের কেন বাদ দেওয়া হচ্ছে? ঋণ করে অনেকেই টোটো কিনেছেন শহরে টোটো চলার অনুমতি না দিলে সমস্যায় পড়বেন প্রায় চার শতাধিক টোটো চালক বলে দাবি তাদের।
উল্লেখ্য, যানজট সমস্যা মেটাতে জলপাইগুড়ি শহরের পুরসভা, সদর ট্রাফিক পুলিশ ও টোটো সংগঠন বৈঠকে বসে সিদ্ধান্ত নেয় শহরের ২৫টি ওয়ার্ড ও শহর লাগোয়া পাতকাটা, খড়িয়া, পাহাড়পুর ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো শহরে চলতে পারবে। এর জন্য সাড়ে চার হাজার টোটো চালককে আইকার্ড দেওয়া হয়। এ দিন বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে গ্রামের প্রায় ৪০০ জন টোটো চালক হাতে ব্যানার পোস্টার নিয়ে জলপাইগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন।
আন্দোলনকারী টোটো চালক মোক্তার হুসেন বলেন, বাহাদুর এলাকার একটি টোটোকেও পুরসভা এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। ঢুকতে গেলেই ট্রাফিক এবং পুরসভা বাধা দিচ্ছে। দীর্ঘ সময় ধরে এটা চলে আসছে। তাই পুরসভা এলাকায় যাতে ঢুকতে দেওয়া হয় সেই দাবি নিয়েই এই আন্দোলন। দাবি না মানা হলে আন্দোলন চলবে।”
পুর কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, বাইরের টোটো শহরে যাতায়াত করবে না এটাই সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তে কাজ চলবে শহরে যানজট রুখতে।

