সাথী দাস, পুরুলিয়া, ১৬ আগস্ট: পুরুলিয়া সদর হাসপাতালে কর্মরত অস্থায়ী কর্মীদের ছাটাইয়ের প্রতিবাদে আন্দোলন শুরু হল। আজ সকাল থেকে পুরুলিয়া সদর হাসপাতাল চত্বরে বসে আন্দোলন শুরু হয়। হাসপাতালে কর্মরত প্রায় ১৫০ জন অস্থায়ী কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে আর তার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন, ওই কর্মীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের পরিবর্তে হাতোয়ারা থেকে কর্মী এনে কাজ করানো হবে বলে তারা হাসপাতাল সূত্রে জানতে পেরেছেন। আজ সকালে হাতোয়ারা থেকে কর্মীরা এসে কাজে যোগ দিতে গেলে তাদের বাধা দেওয়া হয়। ঢুকতে দেওয়া হয়নি হাসপাতালে ভিতরে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতালে। মোতায়েন করা হয়েছে পুলিশ।

দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডা: সুকমল বিষয়ী বলেন, “এই সব কর্মীদের দিয়েই হাসপাতালের পরিষেবা সচল রাখা সম্ভব হয়েছে। সরকারিভাবে গত ৩১ মার্চ এঁদের কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও দুই দফায় মেয়াদ বর্ধিত হয়েছে। বিভিন্ন তহবিলের অর্থ দিয়ে এঁদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে এখন। তবে আমাদের পক্ষে এটা ক্রমাগত রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”
এদিকে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান তৃণমূল নেতা সমাজসেবী পার্থ প্রতিম ব্যানার্জি। তিনি বলেন, “একটা আশ্বাস পাওয়া গিয়েছে যে এঁদের মধ্যে একটা অংশ বহাল থাকবেন। আমি চাই সবাই থাকুন। যে অংশের পারিশ্রমিক দেওয়া হবে তা ১৫০ জনকে সমান ভাবে দেওয়া হোক। তাহলে কাজও থাকবে।”

