আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ জুন: ‘অগ্নিপথ’ নাম দিয়ে কেন্দ্র সরকার সেনাবাহিনীতে সিভিক ভলান্টিয়ারের মত কর্মী নিয়োগ করতে চাইছে বলে অভিযোগ কংগ্রেসের। এর প্রতিবাদ জানিয়ে ২০২৪ সালে কেন্দ্রের মোদী সরকারের পতনের দাবি তুলে আন্দোলনে নামলো জলপাইগুড়ি জেলা কংগ্রেস। শুক্রবার শহরে মিছিল করে নরেন্দ্র মোদীর প্রতীকি কুশপুতুল করলা নদীতে ভাসিয়ে দিলেন কংগ্রেসের নেতা কর্মীরা।
এদিন জেলা কংগ্রেসের উদ্যোগে কেন্দ্র সরকারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হল। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের দিন বাজারের করলা সেতুতে উপস্থিত হয়। একাধিক বিল এনে কেন্দ্র সরকার কৃষক ও শ্রমিকদের ভাতে মারা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের।

অন্যদিকে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম আকাশছোঁয়া হচ্ছে। কিন্তু কেন্দ্র সরকার নিরব। দেশের অর্থনৈতিক ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। নতুন করে কংগ্রেসের নেতাদের হেনস্থা করতে পুরোনো মামলা বের করে আনা হচ্ছে। সে সব মামলা বন্ধ হয়ে গিয়েছে। বিভাজনের রাজনীতি বন্ধ করে এই কেন্দ্রের সরকার একটি স্বৈরাচারী সরকারে পরিণত হয়েছে এই অভিযোগ তুলে ২০২৪ সালে মোদী সরকারকে হঠানোর ডাক দিল কংগ্রেস।
জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, “দেশের স্বৈরাচারী সরকারের পতন করতে হবে। নতুন করে অগ্নিপথ নাম দিয়ে সেনাবাহিনীতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে। একজন সেনা ১৭ বছর চাকরি করতে পারবে সেই নিয়ম তুলে ৪ বছর করা হচ্ছে। না আছে পিএফ না আছে পেনশন। রাজ্য সরকার সিভিক ভলান্টিয়ার দিয়ে ছাপ্পা ভোট করাচ্ছেন। কেন্দ্র সরকার ছাপ্পা সেনাবাহিনী করছেন। এর প্রতিবাদে আজ নরেন্দ্র মোদীর প্রতীকি কুশ পুতুল করলা নদীতে ভাসিয়ে দেওয়া হল।”

