আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ আগস্ট: রাজ্য সরকার বিভিন্ন সরকারি পরীক্ষার হিন্দি মিডিয়ামে পড়ুয়াদের জন্য হিন্দি ভাষায় প্রশ্ন করার দাবি তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ি অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। সোমবার শহরে মিছিল করে জেলাশাসকের দফতরের বিক্ষোভে সামিল হলেন পরিষদের নেতা কর্মীরা। বিক্ষোভের পাশাপাশি পরিষদের দাবিপত্র জেলাশাসকের দফতরের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দফতরে তুলে ধরলেন আন্দোলনকারীরা।

রাজ্য সরকারের বিভিন্ন সরকারি পরীক্ষায় নেপালি ও বাংলা ভাষায় প্রশ্নপত্র থাকছে। এতে সমস্যা হচ্ছে না নেপালি ও বাংলা মিডিয়ামে পড়া পরীক্ষার্থীদের। কিন্তু হিন্দি রাষ্ট্রীয় ভাষা হলেও হিন্দিতে প্রশ্নপত্র করা হচ্ছে না বলে অভিযোগ। এর জেরে সমস্যা হচ্ছে হিন্দি মিডিয়ামে পড়া পরীক্ষার্থীদের। ২০১৯ সালে সমস্যার কারণে হিন্দি মিডিয়ামে পড়া কিছু পরীক্ষার্থী চাকরি পাননি বলে অভিযোগ করলেন মালবাজার ব্লকের অখিল ভারতীয় বিকাশ পরিষদের সম্পাদক বাবলু মাঝি।
তিনি বলেন, “আমাদের দাবি, হিন্দি মিডিয়ামে পরীক্ষার্থীদের সুবিধার্থে হিন্দিতে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সাত দিনের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলন হবে।”
জেলা প্রশাসনের তরফে জানানো হয় দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হচ্ছে।

