স্বাস্থ্য কর্মীর স্বীকৃতির দাবিতে পুরুলিয়ায় আশা কর্মীদের আন্দোলন

সাথী দাস, পুরুলিয়া, ২৯ জুলাই: নিয়মিত সাম্মানিক, বকেয়া ইন্সেনটিভের হিসাব মিলিয়ে দেওয়া, সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি, কোভিড আক্রান্ত কর্মীদের জন্য বরাদ্দ এক লক্ষ টাকা দেওয়া সহ ১৪ দফা দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। শুক্রবার সংগঠনের পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।

এদিন পুরুলিয়া শহরের জুবিলি ময়দানে জমায়েত হয়ে মিছিল করেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। মিছিল করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে পৌঁছে তাঁদের দাবিপত্র তুলে দেন।

পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পুরুলিয়া শাখার নেত্রী সুস্মিতা মাহাতো বলেন, এখন কাজের ধরণ অনেকখানি পরিবর্তিত হয়েছে। যখন আমরা কাজে যোগ দিই তখন শুধুমাত্র মা ও শিশুদের নিয়ে কাজ করতে হতো। এখন আমাদের একজন স্বাস্থ্য কর্মীর মতো কাজ করতে হচ্ছে। ফলে দায়িত্ব বেড়েছে, বাড়েনি সুযোগ সুবিধা। তাই পূর্ণ স্বাস্থ্য কর্মীর মর্যাদা দেওয়া ও মাসিক ন্যুনতম ২১ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন করছি।”

এছাড়া আন্দোলনকারীদের অভিযোগ, কর্মরত আশাকর্মী করোনায় আক্রান্তদের টাকা গায়েব হয়ে গিয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে তাঁরা ‘কর্মবিরতি’র পথে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *