মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ দিল ৫১,১৫১ টাকা, এগিয়ে এল ঠিকাদার সংগঠনও

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল:
করোনা মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল জঙ্গলমহলের শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ। বুধবার দুপুরে “চিফ মিনিস্টারস স্টেট ইমার্জেন্সি রিলিফ ফাণ্ডে” শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের পক্ষ থেকে একান্ন হাজার একশো একান্ন (৫১,১৫১) টাকার চেক তুলে দেওয়া হল‌ অতিরিক্ত জেলা শাসক, জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক উত্তমকুমার অধিকারীর হাতে। বিদ্যালয়ের পক্ষে চেক তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, স্টাফ কাউন্সিলের সম্পাদক অঙ্কুশ মান্না ও সহ শিক্ষক দেবব্রত সাঁতরা। করোনা সংক্রমণের এই সংকটময় মুহূর্তে মৌপাল স্কুলের এই সম্মিলিত উদ্যোগে সহযোগিতা হাত বাড়িয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী।পাশাপাশি সাহায্য করেছেন বৃত্তিমূলক শাখার শিক্ষক, ছাত্রাবাসের শিক্ষক, অতিথি শিক্ষক এবং সর্বোপরি পরিচালন সমিতি সদস্যবৃন্দ।

প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া জানান, আর্ত মানুষের সেবায় বিগত দিনেও আমরা সামর্থ মতো সহযোগিতা করেছি এবং বর্তমানে করোনার সংকট কালেও আমরা এভাবেই সরকার ও সমাজের পাশে থাকতে চাই। বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও কাজে লাগলে খুশি হব।

অন্যদিকে এদিনই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কনফেডারেশন অব পূর্ব অ্যান্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ কন্ট্রাক্টারস্ এসোসিয়েশনের পক্ষ থেকে ২ লক্ষ ২২ হাজার পাঁচশো টাকার চেক অতিরিক্ত জেলা শাসক উত্তম অধিকারীর হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডিসিসিআই এর সভাপতি আনন্দগোপাল মাইতি, সম্পাদক চন্দন রায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *