নেশার টাকা চেয়ে না পাওয়ায় ভাটপাড়ায় মাকে গুলি করে খুন, গ্রেফতার ছেলে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৪ জুলাই: নেশা করার জন্য মায়ের কাছে টাকা না পেয়ে মায়ের মাথায় গুলি করে খুন করল ছেলে। অভিযুক্ত ছেলে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাকিনারা নয়াবাজার ৫ নম্বর সাইডিং এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম সালিমা বিবি (৬২)। পুলিশ খবর পেয়ে তল্লাশি চালিয়ে অভিযুক্ত ছেলে মহম্মদ নিশাকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকাল থেকে মা ও ছেলের সঙ্গে টাকা নিয়ে ঝামেলা বাধে। মা সালিমা বিবি ছেলেকে টাকা দিতে অস্বীকার করেন। এরপর অভিযুক্ত ছেলে নিশা ঘর থেকে একটি রিভালবার বের করে মায়ের মাথায় ঠেকিয়ে টাকা আদায় করার চেষ্টা করে। কিন্তু সালিমা বিবি বলেন, আমাকে বন্দুকের ভয় দেখাচ্ছিস? এই কথা বলতে না বলেতেই নিশা গুলি চালিয়ে দেয়। সেই গুলি লাগে মায়ের মাথায়। ঘটনাস্থলেই সালিমা বিবির মৃত্যু হয়। গুলির শব্দ শুনে আশপাশের প্রতিবেশীর ছুটে আসে। ততক্ষণে অভিযুক্ত ছেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

নিশার স্ত্রী মাসুমা বিবি বলেন, সকাল থেকে মা ও ছেলের মধ্যে টাকা নিয়ে ঝামেলা চলছিল। হঠাৎ গুলির শব্দ শুনে ঘরে গিয়ে দেখি মায়ের মাথায় গুলি লেগেছে।

পুলিশ তদন্ত চালিয়ে ভাটপাড়া স্টেশন চত্বর থেকে নিশাকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *