স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ মার্চ: ছোট ছেলের হাতে খুন হল মা। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার জয়হাট গ্রাম পঞ্চায়েতের বৈদরা চেকপোস্টের তিতপুকুর এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃতার নাম সালমা মুর্মু, (৬২)। তার ৩ ছেলে। তার মধ্যে ছোট ছেলে সিঙ্গা হেমব্রম সামান্য মানসিক ভারসাম্যহীন৷ মাঝে মধ্যে মাকে সে মারধর করত। রবিবার বেলা ১১ টার সময় মাকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷ ঘটনায় গুরুতর জখম হন সালমা মুর্মু। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে এক ঘন্টার মধ্যে মারা যান তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইটাহার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়৷ সোমবার দুপুরে মর্গে ময়না তদন্ত হয়৷
মৃতার আত্মীয় সম্রাট টুডু বলেন, সিঙ্গা হেমব্রম মানসিক ভারসাম্যহীন। মাঝে মধ্যে মাকে সে মারধর করত। রবিবার বাড়িতে কেউই ছিল না। সেই সময় বাঁশ ও লাঠি নিয়ে মায়ের উপর চড়াও হয়। বেধড়ক মারে মারা যান সালমা মুর্মু। পরে মৃতার মেজ ছেলে জুনা হেমব্রম থানায় অভিযোগ দায়ের করে৷”
এদিকে অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে ইটাহার থানার পুলিশ। বাড়িতে তল্লাশি চালিয়ে অভিযুক্ত সিঙ্গা হেমব্রমকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।

