পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২১ জুলাই: ছেলের অসুস্থতা নিয়ে স্বামীর সাথে বচসা স্ত্রীর। অভিমানে কোলের দুই শিশুকে নিয়ে পুকুরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পাঞ্জারিপাড়া এলাকায়। বুধবার দুপুর থেকেই দুই কোলের শিশুকে নিয়ে নিখোঁজ হয়ে যায় মা জুলেখা খাতুন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় দেড়শো মিটার দূরে একটি পুকুরে তিনজনের দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বংশীহারি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতরা হল জুলেখা খাতুন(১৯), রাহুল আনসারী (৩) ও রোহিত আনসারী(২)। তাদের বাড়ি বংশীহারী থানার অন্তর্গত পাঞ্জারিপাড়া সমষপুর এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রের খবর, মৃত মহিলার স্বামী নেমুদ্দিন আনসারী বেশ কয়েকদিন আগে কাজের সূত্রে বিহারে গিয়েছেন। এদিকে আচমকা দুই ছেলে অসুস্থ হয়ে পড়ায় স্ত্রী জুলেখা খাতুন স্বামীকে ফোন করে তাদের অসুস্থতার কথা জানায়। যে ঘটনা নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে ফোনে কথা কাটাকটি হয়। বুধবার দুপুরে হাসপাতালে যাবার নাম করে বাড়ি থেকে বের হয়ে যায় তারা। তারপর থেকেই মা সহ ওই দুই শিশু নিখোঁজ ছিল। এদিন সকালে মা সহ দুই শিশুকে বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে একটি পুকুরে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। যে খবর পেতেই তড়িঘড়ি এলাকায় পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বংশীহারী থানার পুলিশ।

এ বিষয়ে মৃত গৃহবধূর জা ও শাশুড়ি জানিয়েছেন, বুধবার দুপুর থেকে জুলেখা খাতুন ও দুই শিশু সন্তান নিখোঁজ ছিল।শুনেছিলাম ছেলের সাথে ফোনে কথা কাটাকাটি হয়েছে তার। দুপুরের পর থেকে আর তাদের দেখতে পাওয়া যায়নি। সকলেই ভেবেছিলেন গঙ্গারামপুরে কোনো আত্মীয়র বাড়িতে গিয়েছে তারা। এদিন সকালে এমন ঘটনা দেখে তারা আঁতকে উঠেছেন।
শওকাত আলী ও আবুল কালাম আজাদ নামে দুই এলাকাবাসী জানিয়েছেন, এদিন সকালে হঠাৎ শুনতে পায় পাঞ্জারীপাড়া এলাকার পার্শ্ববর্তী একটি পুকুরে এক মা সহ দুই শিশুর মৃতদেহ ভেসে রয়েছে। আমরা সেখানে দেখি আমাদের গ্রামের এক গৃহবধূ সহ দুই সন্তান নিখোঁজ ছিল বুধবার দুপুর থেকে। তাদের মৃতদেহ তিনটি ভেসে উঠেছে পুকুরের জলে।এরপর পুলিশকে খবর দিয়েছি। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে গেছে।
গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, মা সহ দুই শিশু সন্তান জলে ডুবে মারা গিয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

