সাথী দাস, পুরুলিয়া, ২৫ মার্চ: ত্রিকোণ প্রেমের জেরে মৃত্যু হল মা ও এক বছরের কন্যা শিশুর। ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলা হুড়া থানার ধবনি গ্রামে। ওই গ্রামের শকুন্তলা মাহাতো বিয়ের পর কিছুদিন আগে তাঁর এক বছরের শিশুকন্যাকে নিয়ে গ্রামেরই অন্য এক যুবক রাজকুমার গরাইয়ের সাথে পালিয়ে যান। শিশুকন্যাকে নিয়ে বেশ কিছুদিন ধরে রাজকুমার গরাইয়ের বাড়িতেই ছিলেন শকুন্তলা মাহাতো।
বৃহস্পতিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় রাজকুমার গরাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় শকুন্তলা মাহাতো, তার এক বছরের কন্যা শিশু ও রাজকুমার গরাইকে। তাঁদের প্রথমে হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক শকুন্তলা মাহাতো ও তার কন্যা শিশুকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন যুবক রাজকুমার গরাই।

