জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জুন: মদ্যপ ছেলের সঙ্গে বচসার জেরে তির বিদ্ধ হলেন মা ও বৌদি। ঘটনাটি ঘটেছে শালবনি থানার মেমুল গ্রামে। পরিবারের অভিযোগ, শনিবার সকালে ছেলে রাম মুর্মু মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তার মা লক্ষ্মী মুর্মুকে মারধর করে। তারই প্রতিবাদ করতে গেলে বৌদি বাসন্তী মুর্মুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ছেলে রাম। এরপরই মা ও বৌদিকে তাক করে তির মারে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন বৌদি ও মা। বৌদি বাসন্তি মুর্মুর পেটে এবং মা লক্ষ্মী মুর্মুর পিঠে তীর লাগে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অস্ত্রপচার করে চিকিৎসকরা তির দুটি বের করেন। ঘটনার পর শালবনি থানার পুলিশ অভিযুক্ত রাম মুর্মুকে গ্রেপ্তার করে।

