কুমারেশ রায়, অামাদের ভারত, মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি: আফগানিস্থানে যত না গাঁজার কেস দেওয়া হয় পশ্চিমবঙ্গে তার থেকে বেশি কেস আমাদের কর্মীদের বিরুদ্ধে দেয়া হচ্ছে, ঘাটালে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রি অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, অস্ত্র আইনে আমাদের কর্মীদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আমরাই ফ্রন্টলাইন কর্মী। আগে আমাদের বিরুদ্ধে লড়তে হবে মুখ্যমন্ত্রীকে।
অগ্নিমিত্রা পাল বুধবার ঘাটালে একটি র্যালি করেন।তারপর এক কর্মীর বাড়িতে দুপুরের আহার সেরে একটি কর্মী সম্মেলনে যোগ দেন। তিনি বলেন, মাত্র এক বছরের মধ্যে আমাকে দল সভানেত্রী করেছে। এ থেকে প্রমাণিত হয় বিজেপি মহিলাদের কতটা সম্মান করে। আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের প্লাবন দেখা যাচ্ছে মানুষের সুনামি দেখা যাচ্ছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বিজেপি এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে।

মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়েও রাজ্যে মহিলাদের ওপর অপরাধের ঘটনাগুলি তিনি আড়াল করছেন। পুলিশ থানার বাইরে মহিলাদের উপর অত্যাচারের ঘটনাগুলি বোঝাপড়া করে নিতে বলছে।রাজ্যে স্বাস্থ্য শিক্ষা কিছুই নেই, অন্তত মুখ্যমন্ত্রী মহিলাদের সম্মানটা রক্ষা করতেই পারতেন। মুখ্যমন্ত্রী ভবানীপুর কিংবা নন্দীগ্রাম যেখানেই ভোটে দাঁড়ান জিততে পারবেন না। সুশাসনের মুখ হচ্ছে মোদীজি। পশ্চিমবঙ্গে আমরা আর খুনখারাপি রক্ত এসব চাই না। বিজেপিকে আটকাতে হলে মুখ্যমন্ত্রী ভাবছেন আমাদের জেলে পুরতে হবে। কিন্তু কতজনকে জেলে পুরবেন? লাখ-লাখ কোটি-কোটি কর্মীকে কি জেলে পুরবেন?

