আমাদের ভারত, শিলিগুড়ি, ১৬ জুলাই: পাহাড়ে ২০১৭ সাল থেকেই মোর্চা দুইভাগে বিভক্ত। একটি বিমলপন্থী মোর্চা আরেকটি বিনয়পন্থী মোর্চা। তবে বৃহস্পতিবার বিনয় তামাং ইস্তফা দেওয়ায় আপাতত বিনয়পন্থী মোর্চা বলে কিছুই রইল না পাহাড়ে। তবে দলকে সামাল দিতে তড়িঘড়ি বৈঠক ডাকে বিনয়পন্থী মোর্চার সদস্যরা। কার্শিয়াংয়ের টাউন হলের এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্যরা। দলের নির্বাচন না হওয়া পর্যন্ত আপাতত দলের সচিব অনিত থাপাকে কার্যকরী সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
অনীত থাপা দায়িত্ব নিয়েই হুংকার দিয়ে বলেন, মোর্চা কোনও ব্যক্তি বিশেষের দল নয়। সকল সদস্যদের নিয়েই এই দল। কারও নাম দিয়ে দল চলবে না। আর পতাকার জন্য আমরা রাজনীতি করি না। তাঁর আরও বক্তব্য, আমরা অশান্ত পাহাড়কে শান্ত করেছি। আমাদের লক্ষ্য নতুন পাহাড় গড়া। আমাদের লক্ষ্য এখানকার বেকার যুবক-যুবতীদের চাকরির ব্যবস্থা করা। তাই কেউ চলে গেলেও আমাদের কোনও অসুবিধা হবে না। কারণ সকলেই আমাদের সাথেই রয়েছে। বৈঠকেও সকলে উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, গোর্খাল্যান্ড পাহাড়ের মানুষের কাছে স্বপ্ন। কিন্তু তাই বলে সরকারের বিরুদ্ধে গিয়ে পাহাড়কে পিছিয়ে দিতে রাজি নই। আমাদের বিধায়কও আমাদের সাথেই রয়েছে তাই পাহাড়ের উন্নয়ন করাই আমাদের লক্ষ্য।
অন্যদিকে বিনয় তামাংয়ের সমর্থকরা এদিন বিমল গুরুংয়ের কাছে গিয়ে তাকে পতাকা ফেরত দিয়ে দেয়। পতাকা পেয়ে বিমল গুরুং বলেন, পাহাড়ে ২০০৭ সালে আমরা কয়েকজন মিলে গোর্খা জনমুক্তি মোর্চা দল প্রতিষ্ঠা করি। সেইসময় আমাদের সাথে ছিলেন বিনয় তামাংও। তাই উনি দল ছেড়ে আমাদের পতাকা ফেরত দেওয়ায় আমি খুব খুশী। তার এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি। আর বিনয়ের জন্য আমাদের দলের দরজা সবসময় খোলা। এই পতাকার মালিক আমরাই তাই আমাদের কাছেই থাকল এটা। পতাকা পেয়ে বিমলের চোখে ছলছল করছিল।

