সাথী দাস, পুরুলিয়া, ২৭ অক্টোবর: শেষ পর্যন্ত ঘুম পাড়ানি গুলি প্রবেশ করিয়ে উদ্ধার করা হল তাণ্ডব চালানো হনুমান। বর্তমানে তার আশ্রয় হল সুরুলিয়া মিনি জু। সেখানে তার প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ করা হবে বলে বন দফতর জানায়।

হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন পুরুলিয়া ২ ব্লকের দুমদুমি অঞ্চলের মানুষজন। হনুমানের আক্রমণে জখমও হয়েছিলেন বেশ কয়েকজন গ্রামবাসী। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ওই এলাকায় তাণ্ডব চালাচ্ছিল ওই হনুমানটি। আচমকা হামলা চালিয়ে গ্রামের একটি বড় গাছের ডগায় থাকছিল ওই হনুমানটি। আতঙ্কে এক প্রকার গৃহবন্দি হয়েছিলেন মানুষজন। প্রথমদিকে হনুমানটিকে বাগে আনতে ব্যর্থ হয়েছিল বন দফতর।

আজ সকালে বন দফতরের একটি দল যায় ওই গ্রামে। ঘুম পাড়ানি গুলিতে গাছ থেকে নামানো হয় হনুমানটিকে। খাঁচা বন্দি করে সেখান থেকে পুরুলিয়া শহরের কাছে সুরুলিয়া মিনি জু-তে নিয়ে যাওয়া হয়। এর ফলে খানিকটা স্বস্তি ফেরে ওই দুমদুমি গ্রামে।

