পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পে খুশি মনিরামপুরের বাসিন্দারা, শুরু হয়েছে গঙ্গার পারে গার্ড ওয়াল দেওয়ার কাজ

আমাদের ভারত, ব্যারাকপুর, ১ মার্চ:
পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে উপকৃত উত্তর ব্যারাকপুরের মনিরামপুর অঞ্চলের গঙ্গাপারের বাসিন্দারা। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পে উত্তর ব্যারাকপুর পৌরসভার মনিরামপুর এলাকায় শুরু হয়েছে পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের কাজ।

উত্তর ব্যারাকপুর পৌরসভার পরিচালনাধীন গঙ্গা পারে গড়ে উঠেছে দেবদ্বার পার্ক। গত কয়েক মাস ধরে এই পার্ক সংলগ্ন গঙ্গার পারে ভাঙন দেখা দিয়েছিল। যার ফলে চিন্তা বাড়ছিল মনিরামপুরবাসীর। ঠিক সময়ে গঙ্গার পারে গার্ড ওয়াল না দিলে গোটা পার্কটি গঙ্গায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এলাকার বাসিন্দারা তাদের সমস্যার বিষয়ে পৌরসভার মাধ্যমে আবেদন জানাতেই গঙ্গা পারের ভাঙন রুখতে উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

কয়েক সপ্তাহ আগে পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পে তিনি গঙ্গা পারের ভাঙন রুখতে প্রাথমিক ভাবে ১০ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করে গার্ড ওয়াল দেওয়ার কাজ শুরু করে দিয়েছিলেন, বর্তমানে কাজ চলছে। যার ফলে নতুন করে আর ভাঙনের আতঙ্ক নেই স্থানীয়দের মধ্যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা জ্ঞাপন করেছেন এলাকার বাসিন্দারা। পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পে এলাকার বাসিন্দারা সকলেই ভীষন খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *