সাথী দাস, পুরুলিয়া, ১২ সেপ্টেম্বর: পুজোর মুখে পুরুলিয়া শহরের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম ভেঙ্গে টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা। সোমবার সকালে ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরের মুনসেফডাঙ্গা এলাকায়।
আজ সকালে এটিএম–এর শাটার দেওয়া দরজা তুলতেই দেখা যায় এটিএম ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। একটিও টাকা নেই এটিএম–এ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। পুরুলিয়া শহরের জনবহুল ওই এলাকায় রয়েছে একাধিক দোকান, চারিদিকে রয়েছে সিসি ক্যামেরা, সর্বক্ষণ মানুষের যাতায়াত রয়েছে। তারপরেও এটিএম টাকা ভেঙ্গে লুটের ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

