সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণ, ৮ জুলাই: এটিএম ভেঙ্গে টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে উদ্ধার হল এটিএম। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বেয়াড়া বাজার এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পায় ওই এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম ভাঙ্গাচোরা অবস্থায় পড়ে আছে। পুরো এটিএম মেশিনটাকেই সেখান থেকে লুঠ করে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। এরপর স্থানীয় ব্যবসায়ীরা খবর দেয় বাগদা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগদা থানার পুলিশ। পুলিশ তল্লাশি চালিয়ে বেয়াড়া বাজার থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বনগাঁ থানার দুর্গাপুর মোড় থেকে লুঠ করা এটিএম উদ্ধার করে। বেসরকারি এটিএম ঘরে কোনো সিকিউরিটি গার্ড ছিলেন না। আর সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় বাজার কমিটির সভাপতি সুরেশ গাইন জানিয়েছেন, বাগদা থানার পক্ষ থেকে সিভিক ভলান্টিয়ার বাজারে রাত পাহারায় ছিল। ভোরের দিকে তারা বাড়ি ফিরতেই এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ব্যবসায়ীরা।
অন্যদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেয়াড়া বাজারে, ব্যবসায়ীরা জানাচ্ছে এমন ঘটনা আগে কখনো ঘটেনি এই এলাকায়। এই ঘটনার নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যবসায়ীরা বলে জানাচ্ছে বেয়াড়া বাজার ব্যাবসায়ীরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বাগদা থানার পুলিশ।

