জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ২০ নভেম্বর: ফোনে প্রাণনাশের হুমকি। আবার কখনও গোটা পরিবারকে নিকেশ করে দেওয়ার হুমকি। ফোনে এভাবেই হুমকি দিয়ে ভয় দেখিয়ে অনলাইনে মোটা টাকা হাতানোর অভিযোগ। বাড়ির মালিকের তৎপরতায় দুর্গাপুর সিটি সেন্টারে পুলিশের জালে ধরা পড়ল অনলাইন প্রতারণা চক্র। উদ্ধার হয়েছে ২৭ টি সিমকার্ড। ১৬ টি মোবাইল ফোন। খবর চাউর হতে বিস্তর শোরগোল পড়েছে শিল্পশহরজুড়ে। দুষ্কৃতি চক্রকে হেপাজতে নিয়ে চক্রের মূল পান্ডাসহ বাকিদের ধরতে তদন্ত শুরু করল আসানসোল-দুর্গাপুর কমিশনারেট পুলিশ।

পুলিশ সুত্রে জানাগেছে, ধৃতদের নাম মহঃ হোসেন আনসারী, নাজু আনসারী, গোলাম হোসেন, শেখ শাহওবাজ আনসারী, আবদুল খালেক। ধৃতরা বিহারের দুমকা ও ঝাড়খন্ডের দেওঘরের বাসিন্দা। গত দেড় মাস ধরে দুর্গাপুর সিটি সেন্টারে জ্বালানি গ্যাসের ডিস্ট্রিবিউটার দেওয়া ও তদারকির কাজের নাম করে একটি বাড়িতে ভাড়া নিয়ে ঘাঁটি তৈরী করেছিল। মাসখানেক থাকতেই তাদের কাজে বাড়ির গৃহকর্ত্রীর সন্দেহ হয়। ধৃতরা বাড়ির ভেতর দরজা বন্ধ করে মোবাইলে বিভিন্ন মানুষকে নানাভাবে হুমকি দিত বলে অভিযোগ। বেগতিক বুঝে বাড়ির মালিক গোটা বিষয়টি পুলিশকে জানায়। সেই মত পুলিশ গত কয়েকদিন ধরে তাদের উপর নজরদারি শুরু করে। শুক্রবার রাতে দুর্গাপুর থানার পুলিশ গোটা বাড়িটি ঘিরে নেয়। এবং টাকা হাতানোর হুমকি ফোন দেওয়ার সময় তাদের ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে ভিন রাজ্যের ২৭ টি মোবাইলের সিম কার্ড, ১৬ টি মোবাইল ফোন ও এটিএম কার্ড উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, “ফোনে হুমকি দিয়ে টাকা হাতানোর চক্র। অনলাইনে টাকা আদায় করত। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতে নিজেদের হেপাজতে নিয়ে তাদের জেরা করা হবে জানিয়েছে পুলিশ। ঘটনায় জড়িত চক্রের কিং পিন ও বাকিদের খোঁজ করা হবে। ঘটনার তদন্ত চলছে।”
ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক
৭ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

