পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: হাওড়া জেলার বাগনানে প্রকাশ্য দিবালোকে এক মহিলা খুনের ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রশাসনের দিকে আঙুল তুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। আজ খড়গপুর শহরে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সরকার কি ঘুমোচ্ছে? প্রকাশ্যে খুন হয় কি করে? তিনি বলেন, খুন করার অধিকার কেউ কাউকে দেয়নি। তিনি প্রশ্ন তোলেন দিদি কোথায় আছেন? সেই সঙ্গে তিনি বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই।
আবাস যোজনার দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দিল্লি থেকে সার্ভে করা যে তালিকা রাজ্যে আসছে সেই তালিকার নাম বদলে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। দিল্লি থেকে যে তালিকা আসছে তা পাল্টে যাচ্ছে কি করে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্যের তালিকা আর দিল্লির তালিকার মধ্যে বিরাট ফারাক রয়েছে। তিনি বলেন, দিল্লির তালিকার সঙ্গে তুলনা করলে হাজার হাজার মানুষের নাম বাদ পড়ছে রাজ্যের তালিকা থেকে। এছাড়াও বাড়ি দেওয়া নিয়ে সব জায়গায় টাকার লেনদেন হচ্ছে।
দিলীপ ঘোষ বলেন, আগামীকাল রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ২০২২ সাল সফলভাবে শেষ করেছেন, ভারতকে দুনিয়ার সামনে তুলে ধরেছেন। আগামীকাল বন্দেভারত এক্সপ্রেস বাংলার মানুষকে উপহার দিতে তিনি পশ্চিমবঙ্গে আসছেন। বাংলার মানুষ মোদীজিকে চিরকাল মনে রাখবেন।

