আশিস মণ্ডল, রামপুরহাট, ১৫ মার্চ: শেষ পর্যন্ত নির্দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করলেন নলহাটি বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক মইনুদ্দিন শামস। সোমবার নিজের দফতরে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনে লড়াই করার কথা জানান তিনি।
প্রসঙ্গত, বীরভূমের নলহাটি বিধানসভা এলাকা কয়েক দশক ধরে পরিচিত মইনুদ্দিন শামসের কাছে। কারণ ১৯৯৬ ও ২০০১ সালে ওই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের টিকিটে জয়ী হয়ে বাম সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন কলিমুদ্দিন শামস। সে সময় বাবার হাত ধরেই নলহাটিতে আসেন মইনুদ্দিন। বাবার মৃত্যুর পর ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগদান করেন মইনুদ্দিন। প্রার্থী হন নলহাটি কেন্দ্রের। সেবার ফরওয়ার্ড ব্লকের দীপক চট্টোপাধ্যায়কে ১০৭৫৮ ভোটে পরাজিত করেন মইনুদ্দিন শামস। তৃণমূলের প্রতীকে মইনুদ্দিন পেয়েছিলেন ৮৩৮৪২টি ভোট। ফরওয়ার্ড ব্লকের দীপক চট্টোপাধ্যায় পেয়েছিলেন ৭৩০৮৪ ভোট। মইনুদ্দিন শামসই প্রথম জয়ী হয়ে নলহাটি বিধানসভা তৃণমূলকে উপহার দিয়েছিল। কিন্তু এবার তাকে বাদ দিয়ে প্রার্থী করা হয় নলহাটি পুরসভার চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ সিংহকে। এতেই ক্ষুব্ধ হয়ে নলহাটি কেন্দ্র ছেড়ে যাবেন না বলে ঘোষণা করেছিলেন মইনুদ্দিন। এদিন সাংবাদিক সম্মেলন ডেকে নির্দলের হয়ে লড়াই করবেন বলে ঘোষণা করে তিনি বলেন, “নলহাটির মানুষ আমাকে আপন করে নিয়েছেন। আমাকে প্রার্থী না করায় অনেকে মর্মাহত। তারা আমাকে দাঁড়ানোর অনুরোধ করেন। এলাকার মানুষের অনুরোধে আমি নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করব। নলহাটির মানুষ আমাকে জয়ী করবেন”।

