শপথ নিয়েই বুলডোজার চালানোর নির্দেশ মোহন যাদবের, গুঁড়িয়ে দেওয়া হল অভিযুক্ত ফারুকের বাড়ি

আমাদের ভারত, ১৪ ডিসেম্বর: শপথ নেওয়ার পর থেকেই একেবারে তাঁর দাবাং রূপ দেখছে মধ্যপ্রদেশবাসী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রথম দিনেই মসজিদ সহ ধর্মীয় স্থানে লাউড স্পিকার নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং প্রকাশ্য স্থানে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এবার বিজেপি কর্মীর উপর হামলায় অভিযুক্ত ফারুকের বাড়িতে বুলডোজার চালানোর নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশ মতো বুলডোজার চলেছে। ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অভিযুক্তের বাড়ি।

সূত্রের খবর, দেবেন্দ্র ঠাকুর নামে এক বিজেপি কর্মীর উপর হামলা চালানোর উঠেছিল অভিযোগ উঠেছিল এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। সেই হামলায় হাত কেটে দেওয়া হয়েছিল দেবেন্দ্রের। রাজনৈতিক শত্রুতার জেরেই হামলা হয়েছিল বলে পুলিশের অনুমান।

গত ৩ ডিসেম্বর বিধানসভা নির্বাচনে ফল ঘোষণা হয়। ওই দিনই দেবেন্দ্রর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিজেপি নেতা কৈলাস বিজয় বর্গীয় দেবেন্দ্রকে দেখতে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ফারুক রেইন ওরফে মিন্নি।

এই ঘটনার পর থেকে এলাকায় একটা উত্তেজনার আবহাওয়া ছিল। অভিযুক্তর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মোহন যাদব। বিষয়টি জানার পরই তিনি অভিযুক্তদের বাড়িতে বুলডোজার চালানোর নির্দেশ দেন। তারপরে স্থানীয় প্রশাসন অভিযুক্তদের বাড়ি ভেঙ্গে দেয়।

মুখ্যমন্ত্রী হয়ে এই প্রথম কোনও অভিযুক্তর সম্পত্তির ওপর বুলডোজার চালানোর নির্দেশ দিলেন মোহন যাদব। ধর্মীয় স্থানে মাইকের ব্যবহারে নিষেধাজ্ঞা, বুলডোজার চালানোর নির্দেশই নয়, প্রকাশে মাংস বিক্রির উপরে বিধি নিষেধ জারি করেছে মোহন যাদবের সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *