ক্ষুদ্র স্বার্থের জন্য হিন্দু তরুণ-তরুণীরা বিপথে চালিত হচ্ছেন: মোহন ভাগবত

আমাদের ভারত, ১২ অক্টোবর:যে হিন্দুরা শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করছেন তারা ভুল করছেন। উত্তরাখণ্ডে আরএসএসের এক কর্মশালায় এমনটাই মন্তব্য করেছেন সংঘ প্রধান মোহন ভাগবত। তাঁর মতে ক্ষুদ্র স্বার্থের জন্য হিন্দু তরুণ-তরুণীরা বিপথে চালিত হচ্ছেন।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মশালায় ভাষণ দিতে গিয়ে ভাগবত এক রকম অভিযোগের সুরেই বলেন, হিন্দু তরুণ-তরুণীদের বিপথে যাওয়ার জন্য তাদের পরিবার দায়ী। হিন্দু পরিবারের শিশুদের ধর্ম ও রীতিনীতি নিয়ে যথাযথ শিক্ষা দেওয়া হয় না। তাদের ধর্ম নিয়ে গর্ব করতে শেখানো হয় না। এর পরিণতিতেই নতুন প্রজন্ম ক্ষুদ্র স্বার্থের লোভে ভুল পথে পা বাড়াচ্ছে বলে মনে করেছেন সঙ্ঘ প্রধান।

ভাগবত প্রশ্ন তোলেন, কিভাবে ধর্মান্তকরণ হয়? আমাদের দেশের ছেলেমেয়েরা অন্য ধর্মের প্রতি কিভাবে আকৃষ্ট হয়? ক্ষুদ্র স্বার্থের তাগিদে বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তনের মদত দেওয়া ব্যক্তিরা অবশ্যই খারাপ, সে কথা আলাদা। কিন্তু আমাদেরও কি শিশুদের উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত নয়?

পারিবারিক মূল্যবোধের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়ে ভাগবত বলেন, হিন্দু পরিবারের ছেলে মেয়েদের ধর্ম নিয়ে উপযুক্ত চর্চা করা হয় না। হিন্দু ধর্মের গৌরব গাঁথা তাদের জানানো হয় না। আজকের প্রজন্মের ভোগের দিকেই বেশি ঝোঁক। তাই বিয়ের ফাঁদে পা দিয়ে অনেকেই ধর্ম পরিবর্তন করে ফেলে। কিন্তু এটা ভুল, আর এই ভুল শুধরে নেওয়া উচিত বলে মনে করেন মোহন ভাগবত। তাঁর মতে শুধুমাত্র বিয়ের জন্য নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করা একেবারেই অনুচিত। তিনি পরামর্শ দেন, সন্তানের মনে যদি কোনও প্রশ্ন থাকে সে প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া উচিত অযথা বিভ্রান্ত করা উচিত নয় তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *