সোমবার রাতেই শহরে মোহন ভাগবত, রয়েছে একাধিক কর্মসূচি

রাজেন রায়, কলকাতা, ১৫ নভেম্বর: শহরে ফের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। সোমবার রাতেই কলকাতা বিমানবন্দরে পা রাখেন তিনি। জানা গিয়েছে, ২০২৪-র লোকসভা নির্বাচনকে পাথির চোখ করে রাজ্যজুড়ে আরএসএসের একাধিক কার্যালয় খোলার পরিকল্পনা রয়েছে। আর সেই কারণেই রাজ্যে এসে বিভিন্ন কার্যালয়ের শুভসূচনা করতে চলেছেন তিনি।

আরএসএস সূত্রে খবর, রাজ্যে তিন দিনের সফর রয়েছে মোহন ভাগবতের। এই সফরে তিনি পশ্চিমবঙ্গের ছয়টি আরএসএস কার্য বিভাগ বা কোষের কর্মকর্তাদের কাজ পর্যালোচনা করবেন। এই ছয়টি কোষ হল যোগাযোগ সেল, শারীরিক ক্রিয়াকলাগ, বৌধিক বা বুদ্ধিজীবী সেল, প্রচার সেল, সেবা বা পরিষেবা সেল, ব্যবস্থা সেল।

সফরকালীন সময়ে মোহন ভাগবত থাকবেন উত্তর কলকাতার মানিকতলার অভেদানন্দ রোডে আরএসএসের আঞ্চলিক সদর দফতর কেশব ভবনে। সেখান থেকেই তিনি বিভিন্ন আরএসএস-এর আনুষঙ্গিক সংংগঠনের প্রধানদের সঙ্গে দেখা করবেন। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় সাংগঠনিক বৈঠক হবে সেখানে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে ৭টা ভার্চুয়াল মাধ্যমে একটি সভা করবেন মোহন ভাগবত। অনলাইনে সেই বৈঠকের লিঙ্ক পাঠানো হবে প্রায় ৩৫০ জন বিশিষ্ট ব্যক্তিদের।

বৈঠকে আমন্ত্রিতদের তালিকায় কারা রয়েছেন তা গোপন রেখেছে আরএসএস। তবে সূত্রের খবর, সেই বৈঠকে থাকতে পারেন সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, সরোদিয়া তেজেন্দ্রনারায়ণ মজুমদার, সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য। এ ছাড়াও ক্রীড়াবিদ দীপা কর্মকারও ওই বৈঠকে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সুকান্ত মজুমদার-অমিতাভ চক্রবর্তী মোহন ভাগবতের সঙ্গে দেখা করবেন। হিন্দু সংহতির দেবতনু ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যাবে। বিশ্বহিন্দু পরিষদের শচীন্দ্রনাথ সিংয়ের নেতৃত্বেও একটি টিম যাবে।

এছাড়া সংঘপ্রধান মোহন ভাগবত যোগাযোগ করবেন প্রধানত গ্রামীণ বাংলার উন্নয়নে কাজ করা সমাজকর্মী, বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের সঙ্গে। বিধানসভা নির্বাচন থেকে রাজ্যে একাধিক কেন্দ্রে উপনির্বাচনে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে বিজেপিকে। এই সফরের মাধ্যমে লোকসভা নির্বাচনের আগে ফের বঙ্গ বিজেপিকে চাঙ্গা করার চেষ্টা করছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, এমনই বক্তব্য রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *