সিপিএমের নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পক্ককেশীদের বিদায় দিয়ে এক ঝাঁক তরুণ এবার রাজ্য কমিটিতে

আমাদের ভারত,১৭ মার্চ: বঙ্গ সিপিএমের ব্যাটেন এবার মহম্মদ সেলিমের হাতে। সিপিআইএমের নতুন রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম। পার্টি ভাগ হবার পর এই প্রথম কোনও সংখ্যালঘুর নেতা রাজ্য কমিটির সম্পাদক হলেন। এখানেই শেষ নয়, পক্বকেশীদের বিদায় জানিয়ে সিপিএমের নয়া রাজ্য কমিটিতে একঝাঁক নতুন মুখকে তুলে আনা হয়েছে। এছাড়াও নতুন কমিটিতে একের পর এক চমক রয়েছে।

নতুন কমিটিতে স্থান পেয়েছেন সুশান্ত ঘোষের মতো নেতা। তরুণ মুখের মধ্যে রয়েছেন মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ, ময়ূখ বিশ্বাস আত্রেয়ী গুহ, পার্থ মুখার্জি, সুদীপ সেনগুপ্ত, তরুন বন্দোপাধ্যায়। উল্লেখযোগ্যভাবে এবার রাজ্য কমিটিতে নেই সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, নেপাল দেব ভট্টাচার্য। আনুষ্ঠানিকভাবে সিপিএমের তরফের রাজ্য কমিটি এখনো ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করার কথা সিপিএমের।

পলিটব্যুরোর সদস্য, সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ, বাংলা হিন্দি ইংরেজিতে সমান সরগর, সংবাদমাধ্যমের সঙ্গে তুলনামূলক সহজ সম্পর্ক, সম্ভবত এই বিষয়গুলিই সিপিএমের ভিতরে সেলিমকে সম্পাদক পদের দৌড়ে এগিয়ে রেখেছে বলে খবর।

প্রথম থেকেই শোনা গিয়েছিল নয়া রাজ্য কমিটিতে তরুণদের প্রাধান্য দেওয়া হবে। বয়সের সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সংরক্ষণেই বাদ পড়েছেন বাংলার বামপন্থী আন্দোলনের অন্যতম পরিচিত দুই মুখ বিমান বসু সূর্যকান্ত মিশ্র। বাদ পড়েছেন সুভাষ মুখোপাধ্যায়ের মতো শ্রমিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা একাধিক নেতা রাজ্য কমিটি থেকে।

তবে নয়া রাজ্য কমিটিতে সুশান্ত ঘোষের উঠে আসা বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডের পর হাজতবাস, দীর্ঘদিন প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে থাকা, এরপর ফিরে এসে ভোটে দাঁড়ানো পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক হওয়া সুশান্ত ঘোষ এবার সিপিএমের রাজ্য কমিটিতে এলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *