দেশের নাগরিকদের হিতে তৈরি সরকারি প্রকল্পে রাজনীতির রং লাগাটা দুর্ভাগ্যজনক, অগ্নিপথ বির্তকের বিরুদ্ধে মন্তব্য মোদীর

আমাদের ভারত, ১৯ জুন: অগ্নিপথ প্রকল্পে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ চলছে একাধিক রাজ্যে। বিহার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানায় বলা যায় একপ্রকার তান্ডব করছেন বিক্ষোভকারীরা। ইতিমধ্যেই রেলের ৭০০ কোটির বেশি সম্পত্তি নষ্ট করেছে বিক্ষোভকারীরা। এই প্রকল্পের প্রতিবাদে পথে নেমেছে বিরোধীরাও। সত্যাগ্রহে বসেছে কংগ্রেস। এবার এই বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের নাগরিকদের ভালোর জন্য সরকার নানা প্রকল্প পরিকল্পনা করে। কিন্তু তাতে রাজনীতির রং লেগে গেলে আসল উদ্দেশ্য ব্যাহত হয়।

রবিবার প্রগতি ময়দানের প্রধান টানেলের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী বলেন, এটা আমাদের দেশের দুর্ভাগ্য যে বহু ভালো জিনিসের পরিকল্পনা হয় ভালো উদ্দেশ্যে, কিন্তু রাজনীতির রং লাগায় তার আসল উদ্দেশ্য ব্যাহত হয়ে যায়।

সেনাবাহিনীর লোকবল অক্ষুন্ন রেখে আধুনিকীকরণের স্বার্থে কেন্দ্রের নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সেনায় অস্থায়ীভাবে চার বছরের জন্য কর্মী নিয়োগ হবে। যাদের পোশাকী নাম হবে অগ্নিবীর। কিন্তু অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি দেশের একাধিক রাজ্যে। সেনাবাহিনীতে নিয়োগের এই নয়া নিয়মের প্রতিবাদে বিক্ষোভ চলছে গোটা দেশে।‌

কিন্তু সরকারের দাবি, এভাবে সেনা নিয়োগ হলে বেতন এবং পেনশন বাবদ অর্থ সাশ্রয় হবে। সেই টাকা সেনায় প্রযুক্তির উন্নয়নের কাজে লাগানো যাবে। কেনা যাবে আরও আধুনিক অস্ত্রশস্ত্র। একই সঙ্গে যুবসমাজকে দেশসেবা ও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দিতে চাইছে সরকার।

বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর জাওয়ানদের গড় বয়স ৩২ বছর। অগ্নিবীর নিয়োগের ফলে ১০ বছরের মধ্যে সেটা ২৬-এ নেমে আসবে। এর ফলে সেনাবাহিনী তরতাজা এবং শারীরিক সামর্থ্যে ভরপুর হবে বলে দাবি সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *