আমাদের ভারত, ১৭ আগস্ট: লালকেল্লা থেকে ১৫ আগস্ট দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ় ভাবেই বলেছিলেন সামনের বছরেও আবার তিনি লালকেল্লা থেকে বক্তব্য রাখবেন। বলেছিলেন, যে সব প্রকল্পের শিলান্যাস তিনি করেছেন সেগুলোর উদ্বোধনও তিনিই করবেন। অর্থাৎ তার স্পষ্ট কথা ছিল তিনি ২০২৪-এ আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন। তার মধ্যেই লোকসভা নির্বাচনে জনমত সমীক্ষা প্রকাশ করল টাইম নাও ও ইটিজি। আর সেই সমীক্ষায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর তৃতীয়বারের মেয়াদে ফিরে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই সমীক্ষার ফলাফল অনুসারে নরেন্দ্র মোদী ও জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ এনডিএ এই লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফিরে আসবে। সমীক্ষা অনুযায়ী এনডিএ রাজস্থানের ২৫টি আসনের মধ্যে ১৯ থেকে ২২টি আসন পেতে পারে। অন্যদিকে ইন্ডিয়া জোট ২ থেকে ৯টি আসন পেতে পারে। এক্ষেত্রে বলা প্রয়োজন, কংগ্রেস ২০১৮-তে রাজস্থানের ক্ষমতায় ফিরলেও ২০১৯-এর লোকসভা নির্বাচনে সেখান থেকে ২৪টি আসন পেয়েছিল বিজেপি। একটি পেয়েছিল রাষ্ট্রীয় লোক তান্ত্রিক পার্টি। চলতি বছরের শেষের দিকেও রাজস্থানে বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর তারপরেই লোকসভা নির্বাচন। সেক্ষেত্রে সেরাজ্যের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন অনেকে।
সমীক্ষায় বলা হয়েছে, সারা দেশ থেকে ২৪৬ থেকে ৩২৬ টি আসন পেতে পারে এনডিএ। অন্যদিকে ইন্ডিয়া জোট পেতে পারে ১০৭ থেকে ১৯০টি আসন। সমীক্ষায় বলা হয়েছে, এনডিএ’র আসন কমলেও বিজেপি নেতৃত্বাধীন জোট পরপর তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসবে বলে অনুমান।
দল ভিত্তিক ফলাফলের হিসেবে সমীক্ষায় বলা হয়েছে, বিজেপি একাই পেতে পারে ২৮৮ থেকে ৩১৪টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৬২ থেকে ৮০টি আসন।

