খালি পায়ে রামলালার মূর্তি বহন করে নিয়ে গিয়ে মন্দিরের গর্ভগৃহে স্থাপন করবেন মোদী

আমাদের ভারত, ৩ নভেম্বর: অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ প্রায় শেষের পথে। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।তবে মন্দির শুধু উদ্বোধন করাই নয়, রামলালার মূর্তি অস্থায়ী মন্দির থেকে রাম মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাবেন মোদী নিজেই।

৫০০ মিটার পথ খালি পায়ে মূর্তি নিয়ে হেঁটে যাবেন মোদী। এই সৌভাগ্যের কাজটি প্রধানমন্ত্রীকেই দিতে চলেছে বলে দাবি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। মোদীর পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত সেই সময় মোদীর পাশে থাকবেন বলে জানা যাচ্ছে।

২২ জানুয়ারি দুপুর সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এক পুজোর মাধ্যমে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। সেই পুজোতে যজমানের ভূমিকায় থাকবেন প্রধানমন্ত্রী। প্রার্থনার পর মন্দিরের গর্ভগৃহের পবিত্র স্থানে স্থাপন করা হবে রামলালার মূর্তি।

২৪- এর ভোটের মুখে বিজেপির অন্যতম অস্ত্র এই রাম মন্দির। এই মন্দির নির্মাণকে সামনে রেখেই আসন্ন লোকসভা প্রচারে নামবে পদ্মশিবির সেটা আর বলার অপেক্ষা রাখে না। ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় বিতর্কিত জমিতে রাম মন্দির হবে। সে ঐতিহাসিক রায় মেনে ২০২০-র ৫ আগস্ট রাম মন্দিরের ভূমি পূজো হয়। মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *