বিজেপি বাংলায় জিতবেই ! টুইটারে পুরুলিয়ার জনসভার একাধিক ভিডিও পোস্ট করে জোরালো দাবি মোদীর

আমাদের ভারত, ১৯ মার্চ: বৃহস্পতিবার রাজ্যে জনসভা করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তৃণমূলের খেলা শেষ করে বিজেপির উন্নয়নের খেলা শুরুর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, একুশে তৃণমূলের অপশাসন ঘটবেই। বিজেপি আনবে আসল পরিবর্তন। পুরুলিয়ার সেই জনসভার ব্যাপক জনসমর্থন দেখে আপ্লুত প্রধানমন্ত্রী। তাই আজ ফের ওই জনসভার ছবি, ভিডিও টুইট করে তিনি দাবি করেছেন বাংলায় বিজেপি জিতবেই। আর তাদের এই জয় বাংলার উন্নয়নের নতুন যুগের সূচনা ঘটাবে।

শুক্রবার পুরুলিয়ার সভা নিয়ে দুটি টুইট করেন প্রধানমন্ত্রী। প্রথম ভিডিওতে শুধু ১৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে জনজোয়ার। ভিডিওটিতে দেখা যাচ্ছে গাড়ির ভিতর থেকে জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন মোদী। তবে দ্বিতীয় ভিডিও পোস্টটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ সেখানে বাংলায় জয়ের ব্যাপারে বিজেপি কতটা আত্মবিশ্বাসী তা ওই টুইটের মাধ্যমে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

মোদী লিখেছেন, বাংলায় বিজেপির জয় উন্নয়নের এক নতুন যুগের সূচনা করবে। একইসঙ্গে বন্ধ হবে তৃণমূল নেতাদের অত্যাচার। দ্বিতীয় পোস্টে নিজের গতকালের বক্তব্যের বেশ কিছু অংশও তুলে ধরেছেন তিনি। ভগবান শ্রীরামের কথা থেকে শুরু করে জল সমস্যা, খেলা হবে স্লোগানের পাল্টা দেওয়া থেকে শুরু করে মাওবাদী রাজ সেখানে উঠে এসেছে। এছাড়াও তাঁর দেওয়া একাধিক প্রতিশ্রুতি ও তৃণমূলের বিরুদ্ধেই যাবতীয় অপশাসনের অভিযোগও শোনা গেছে বক্তব্যে।

ওয়াকিবহাল মহল মনে করছে বাংলা জয়ের ব্যাপারে প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাস যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যেভাবে তিনি প্রথম দফা ভোটের আগে জয়ের ব্যাপারে এতটা আত্মবিশ্বাসের সাথে টুইট করেছেন তা অবশ্যই নজর কাড়ে। এই মুহূর্তে জঙ্গলমহল জুড়ে প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায। তাদের প্রচারেও যথেষ্ট সাড়া রয়েছে। ফলে তার মধ্যে মোদীর এই টুইট যে বিজেপি কর্মীদের আত্মবিশ্বাস বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *