স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে “এক দেশ এক পুলিশ উর্দি”র পক্ষে সওয়াল করলেন মোদী

আমাদের ভারত, ২৮ অক্টোবর: “এক দেশ, এক পুলিশ উর্দি”র পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সব রাজ্যের পুলিশ বাহিনীর জন্য একই রকম উর্দি হোক, এমনটাই মত প্রকাশ করেছেন মোদী। তবে নিজের মত চাপিয়ে দিতে চাননি তিনি।

শুক্রবার বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, সম্ভব হলে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে “এক দেশ এক পুলিশ উর্দি” নিয়ে আলোচনা করা দরকার।

হরিয়ানার সুরজকুণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি চিন্তন শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানেই ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলার বিষয়টি এখন একটি রাজ্যের মধ্যে আর সীমাবদ্ধ নয়। কারণ, অপরাধ আন্তরাজ্য এবং আন্তর্জাতিক হয়ে উঠেছে। সীমান্তপার থেকে আসা সন্ত্রাস ও অপরাধচক্রে ব্যাপক হারে প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ করে তিনি। মোদী বলেন, রাজ্য ও কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলির সমন্বয় অত্যন্ত জরুরি।

ভারতীয় সংবিধান অনুযায়ী আইন-শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ার ভুক্ত। তবে এনডিএ আমলে রাজ্যে ঘটে যাওয়া অপরাধের তদন্তে কেন্দ্রীয় এজেন্সি গুলি বিশেষভাবে তৎপর হয়েছে। যা নিয়ে বিরোধীরা কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। এবার মোদীর অভিন্ন পুলিশ উর্দির ঘোষণার পর সেই অভিযোগ আরো তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে নতুন বিতর্ক সম্পর্কে প্রধানমন্ত্রী নিজে ওয়াকিবহল। শুক্রবার তাঁর বক্তৃতাতেও তার আঁচ মিলেছে। তিনি বলেছেন, “আইন-শৃংখলার রক্ষা রাজ্যে গুলির দায়িত্ব, কিন্তু এগুলি জাতির ঐক্য ও অখণ্ডতার সঙ্গেও যুক্ত। একই সঙ্গে তিনি বলেছেন, এক দেশ এক পুলিশ উর্দির কথা ভাবা যেতে পারে, তবে এটা শুধুই একটা ভাবনা। কারোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না। এটা পাঁচ, পঞ্চাশ কিংবা একশো বছরে হতে পারে। এটা নিয়ে আলোচনা হওয়া দরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *