Modi, BJP, ফের নজির গড়লেন মোদী, নয়া মাইল ফলক ছুঁয়ে ইতিহাসের পাতায় উঠলেন প্রধানমন্ত্রী

আমাদের ভারত, ২২ মার্চ: ভারতের রাজনীতিতে আবারও নজির বিহীন রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শাসক হিসেবে নতুন মাইল ফলক স্পর্শ করলেন। টপকে গেলেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিনের রেকর্ড।

এতদিন ৮৯০০ দিন ক্ষমতায় থেকে শীর্ষে ছিলেন চামলিন। এবার ৮৯৩১ দিন পূর্ণ করে সেই রেকর্ড ভেঙে দিলেন মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সম্মিলিত মেয়াদ ধরে এই হিসেব করা হয়েছে। আর এই সাফল্য শুধু সময়ের নিরিখে নয়, রাজনৈতিক ধারাবাহিকতা ও জনসমর্থনের বড় প্রমাণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

গুজরাটের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা মোদীর রাজনৈতিক পথ চলা যথেষ্ট উল্লেখযোগ্য। ছোটবেলায় বাবার সঙ্গে রেলস্টেশনের চা বিক্রি করা থেকে শুরু করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং পরে ভারতীয় জনতা পার্টি সংগঠনে নিজের জায়গা তৈরি করেন তিনি।

২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং এক দশকেরও বেশি সময় সেই পদে ছিলেন তিনি। পরে ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এখনো পর্যন্ত তিনি গুজরাটের দীর্ঘতম মেয়াদী মুখ্যমন্ত্রী হিসেবেও পরিচিত। একই সঙ্গে তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন এবং একমাত্র প্রধানমন্ত্রী যার মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে।

২০১৪, ২০১৯, ২০২৪, টানা তিনবার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করেছেন মোদী। এই ধারাবাহিক জয়ের নিরিখে তিনি জহরলাল নেহেরুর কীর্তির সঙ্গেও সমতা টেনেছেন।

এর আগে ২০২৫ সালের জুলাই মাসে ইন্দিরা গান্ধীকে টপকে দেশের দ্বিতীয় দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদী। টানা ৪০৭৮ দিন ক্ষমতায় থাকার রেকর্ড গড়েন তিনি। ইন্দিরা গান্ধীর মেয়াদ ছিল ৪০৭৭ দিন। তবে দেশে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে এখনো শীর্ষে রয়েছেন জহরলাল নেহেরু।

একই সঙ্গে মোদী প্রথম কংগ্রেস নেতা যিনি পরপর দুবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন। ১৯৭১ সালের পর তিনি প্রথম প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে টানা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।

সব মিলিয়ে দীর্ঘ রাজনৈতিক যাত্রা, ধারাবাহিক জনসমর্থন এবং প্রশাসনিক অভিজ্ঞতার জোরে ভারতের রাজনৈতিক ইতিহাস এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *