মোদী বললেন “বাঙালিদের মতো বলুন আমি আসি”, রাজ্যসভার ৭২ জন সাংসদের বিদায় সম্ভাষণে ফিরে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

আমাদের ভারত, ৩১ মার্চ: বাজেট অধিবেশনের মাঝে রাজ্যসভা থেকে ৭২ জন সদস্য অবসর নিলেন। বৃহস্পতিবার সংসদে তাদের বিদায় সম্ভাষণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণের শুরুতেই তিনি বলেন, “বাঙালিরা যেমন বলে আমি আসছি, ইংরেজিতে বাই বাই বললেও আসলে আমরা বলতে চাই কাম এগেইন। এই সংসদে আবার ফিরে আসুন এটাই চাইবো।”

মোদীর কথায় অভিজ্ঞতার গুরুত্বই আলাদা। যেকোনো সমস্যার সহজ সমাধান দেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতাই কাজ করে। অভিজ্ঞ ব্যক্তিদের নেতৃত্বে ভুলভ্রান্তি যথাসম্ভব এড়ানো যায়। অভিজ্ঞ সহকর্মীরা রাজ্যসভা থেকে চলে যাওয়ায় শুধু সংসদই নয়, গোটা দেশই অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।

রাজ্যসভা থেকে সংসদের অবসর গ্রহণ নিয়ে আগেই অনুষ্ঠানসূচি পরিকল্পনা করা হয়েছিল। প্রধানমন্ত্রী সম্ভাষণের পর সকল সাংসদদের সঙ্গে ছবি তোলা হয়। রাতে সাংসদদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর বাড়িতে এই নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। সেখানে সাংসদের স্মারক দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিনের নৈশভোজে সাংসদরা নিজেদের প্রতিভা উপস্থাপন করবেন। ডঃ শান্তনু সেন গিটার বাজাবেন, দোলা সেন রবীন্দ্র সঙ্গীত গাইবেন, তিরুচি শিবা তামিল গান গাইবেন, রূপা গাঙ্গুলী ও বন্দনা চাভান গাইবেন হিন্দি গান।

অবসর নেওয়া সাংসদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের রাজ্যসভার সদস্যরা অনেকটাই অভিজ্ঞ। কখনো কখনো শিক্ষাগত যোগ্যতার থেকে অনেক বেশি শক্তিশালী হয় অভিজ্ঞতা।” তাদের সংসদে ফেরত আসার আহ্বান জানান তিনি। একইসঙ্গে রাজ্যসভার সদস্য থাকাকালীন তারা যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা যেন দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে দেন, তার আর্জি জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা দীর্ঘ সময় সংসদে কাটাই। এই সংসদভবন আমাদের জীবনে বিশেষ অবদান রেখেছে। সংসদের কাজ করার সময় আমরা যে যোগ্যতা অর্জন করেছি তা দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে দেওয়া দরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *