আমাদের ভারত, ১৬ এপ্রিল: হনুমান জয়ন্তিতে দেশবাসীকে বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী। শনিবার গুজরাটের মরাবিতে বজরঙ্গবলির একটি ১০৮ ফুট লম্বা মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী। চারধাম প্রকল্পের আওতায় দেশের চারদিকেই হনুমানের মূর্তি স্থাপন করা হচ্ছে। শনিবার উদ্বোধন করা এই মূর্তিটি এই প্রকল্পের দ্বিতীয় মূর্তি। একই সঙ্গে এদিন তিনি দেশের মানুষকে দেশের তৈরি পণ্য ব্যবহারের জন্য আহ্বান জানান। তাঁর কথায় এটাই পথ দেশের বেকারত্ব নিঃশেষ করার।
শনিবার সকাল ১১টা নাগাদ মূর্তি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মূর্তি উন্মোচনের পর ভার্চুয়ালি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। সেখানেই তিনি দেশের অগ্রগতির বৃদ্ধি নিয়ে একাধিক পরিকল্পনা তুলে ধরেন। মোদী বলেন, “আমরা এইভাবে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না। এতে দেশের সামগ্রিক অগ্রগতি থমকে যায়। যেভাবে দ্রুতগতিতে বিশ্ব মানচিত্র বদলাচ্ছে তাতে প্রতিটা দেশ ভাবছে কিভাবে দ্রুত আত্মনির্ভর হওয়া যায়।”
মোদী আরও বলেন, “আমি দেশের সাধুসন্তদের অনুরোধ করব তারা যেন সাধারণ মানুষকে দেশীয় পণ্য কেনার প্রতি উৎসাহিত করেন। দেশীয় পণ্যের জোর দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমাদের বাড়িতেও শুধুমাত্র আমাদের দেশের মানুষের তৈরি পণ্য ব্যবহার করা উচিত। একবার ভেবে দেখুন, যদি এটা সম্ভব হয় তবে কত বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। বিদেশি পণ্য আমাদের মনে এক ধরনের আত্মতুষ্টির জন্ম দিলেও দেশীয় পণ্যের বিকল্প কিছুই হতে পারে না। দেশীয় পণ্যের মধ্যে দেশের মানুষের কঠিন পরিশ্রম, দেশমাতার ছোঁয়া লেগে রয়েছে। সেটা ভুলে গেলে চলবে না। এটা মনে রেখে আগামী ২৫ বছরে যদি আমরা শুধুমাত্র দেশীয় পণ্য ব্যবহারে বেশি করে জোর দিতে থাকি তাহলে দেশে আর কোনও বেকারত্ব থাকবে না।
ভগবান হনুমানের চারধাম প্রকল্পের প্রথম মূর্তিটি সিমলায় প্রতিষ্ঠা করা হয়েছিল। গুজরাটের মূর্তিটি এই তালিকায় দ্বিতীয়। এরপরের মূর্তিটি দক্ষিণ ভারতের রামেশ্বরে প্রতিষ্ঠা করা হবে বলে জানা যাচ্ছে। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে।

