জঘন্য পাপ! আশা করব রাজ্য সরকার দ্রুত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করবে, রামপুরহাট কান্ডের নিন্দায় মোদী

আমাদের ভারত, ২৩ মার্চ:রামপুরহাট কাণ্ডে মুখ খুললেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। এই ঘটনাকে জঘন্য পাপ বলে নিন্দা করেছেন মোদী। ঘটনায় দুঃখ প্রকাশ করে আশা প্রকাশ করেছেন যে রাজ্য সরকার দোষীদের উপযুক্ত শাস্তি দেবে । আর শাস্তি দেওয়ার কাজে কেন্দ্র-রাজ্যকে সব রকম ভাবে সাহায্য করবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার শহীদ দিবস উপলক্ষে দিল্লি থেকে ভার্চুয়ালি ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি গ্যালারি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানের শুরুতেই মোদী বলেন, “বীরভূমের হওয়া হিংসাত্মক ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি। আমি আশা করছি যে রাজ্য সরকার বাংলার এই মহান ভূমিতে যে বা যারা এইরকম জঘন্য পাপ করেছে তাদের নিশ্চিত ভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে।” তিনি রাজ্য বাসীর উদ্দ্যেশ্যে বলেন, “আমি বাংলার মানুষের কাছেও আশা রাখব , এই জঘন্য অপরাধকারীদের এবং এই জঘন্য অপরাধ করতে যারা উৎসাহিত করেছে তাদেরকে কোনভাবেই যেন ক্ষমা না করে”। একই সঙ্গে তিনি বলেন, ” আমি রাজ্য সরকারকে আশ্বস্ত করতে চাই অপরাধীদের শাস্তি দিতে যেকোনো রকমের সাহায্য প্রয়োজন হবে কেন্দ্র সরকার সার্বিকভাবে তার সাহায্যের হাত বাড়িয়ে দেবে।”

প্রসঙ্গত রামপুরহাট কান্ডে ইতিমধ্যেই সিবিআই ও এনআইএ তদন্তের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরো একধাপ এগিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন। কেন্দ্রের হস্তক্ষেপে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনায় ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে আসছে। আগামীকাল কেন্দ্রীয় বিজেপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রামপুরহাটে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *