“দিদি..ই এখানে কেউ বহিরাগত নয়, আমরা সবাই ভারত মায়ের সন্তান” বহিরাগত ইস্যুতে তৃণমূলকে জবাব মোদীর

আমাদের ভারত, ২৪ মার্চ: বুধবার কাঁথির সভা থেকে মোদী আবার একবার তৃণমূলের বহিরাগত তত্ত্বকে আক্রমণ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “যে বাংলার মাটি বন্দেমাতরম মন্ত্রে সারা দেশকে বেঁধেছে, সেখানে বলা হচ্ছে বহিরাগত। বঙ্কিমচন্দ্র, সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথের ভূমি থেকে দেশের মানুষকে বহিরাগত বলা হচ্ছে। আমরা কেউ বহিরাগত নই। আমরা ভারত মায়ের সন্তান।” তিনি বলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এই মাটিতে কাউকে বহিরাগত বলে মনে করেননি। একই সঙ্গে অমিত শাহের পর আজ মোদীও স্পষ্ট জানিয়ে দিয়ে গেলেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন ভুমিপুত্রই। মোদী বলেন বহিরাগত, পর্যটক এইসব বলে আখেরে বাংলার অপমান করা হচ্ছে।

বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রচারের এবার অন্যতম হাতিয়ার বহিরাগতের স্লোগান। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সহ কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের এক ঝাঁক নেতা মন্ত্রীকে এরাজ্যে প্রচারে নামিয়েছে বিজেপি। এ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মধ্যপ্রদেশের নেতা কৈলাস বিজয়বর্গীয়। এই সব নেতাদের কটাক্ষ করে বহিরাগত বলে আক্রমণ শানাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের সব নেতারা।

বহিরাগত ইস্যুতে আগেও সরব হয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার কাঁথির সভা থেকে ফের সেই আক্রমণের পাল্টা দিতে গিয়ে মোদী বলেন, যে পশ্চিমবঙ্গ পুরো ভারতবাসীকে বন্দেমাতরমের মন্ত্র শিখিয়েছে, দিদি সেই বাংলায় দাঁড়িয়ে বহিরাগত বলছেন। বাংলার মনীষীদের কথা স্মরণ করিয়ে মোদী বলেন, বঙ্কিমচন্দ্র বলেছেন আমরা সবাই ভারত মায়ের সন্তান, এখানে কোন ভারতবাসী বহিরাগত নয়। সবাই ভারত মায়ের সন্তান। দেশের জাতীয় সংগীতের রচয়িতা রবি ঠাকুরের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “বাংলা থেকে গুরুদেব সব ভারতবাসীকে এক মালা পড়িয়ে ছিলেন। এই বাংলা থেকেই গুরুদেব পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা বলেছিলেন। আমরা সব সময় সেটা বলেছি। সেই বাংলায় আপনি বহিরাগত কথা বলছেন। দিদি এভাবে কাউকে পর্যটক বা বহিরাগত বলা যে বাংলারও অসম্মান।”

মোদী বলেন,”বহিরাগত বলা হচ্ছে, পর্যটক বলা হচ্ছে, এটাতো বাংলার অপমান। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এই ভূমিতে কাউকে বহিরাগত হিসেবে দেখতেন না।”

বহিরাগত সূত্রে তৃণমূলের ভোট প্রচারের অন্যতম স্লোগান বাংলা নিজের মেয়েকে চায়। তৃণমূল নেতারা লাগাতার আক্রমণ করছেন দিল্লি থেকে এসে কেউ বাংলা শাসন করবে না। যদিও এর উত্তরে এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন বাংলার ভূমি পুত্র। এবার সে কথা শোনা গেল মোদীর মুখেও। প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় আপনারা যে বিজেপির সরকার বানাতে চলেছেন তার মুখ্যমন্ত্রী এখানকার ভূমিপুত্র হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *