আমাদের ভারত, ১৭ এপ্রিল: ২১–এর ভোট প্রচারে বিভিন্ন জায়গায় গিয়ে নানা ভাষায় নানাভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিদির সেই ভাষা নিয়েই মোদী খোঁচা দিয়েছেন। তাঁর উদ্দ্যেশ্যে ব্যবহার করা দিদির শব্দগুলো একেবারে তারিখ সহ উল্লেখ করেন মোদী। তিনি বলেন, মমতা তাঁকে খুনির রাজা বলেছেন আর তিনি তো শুধু দু’বার দিদি বলেন।
কোন কোন ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিঁধেছেন, তা উল্লেখ করে নরেন্দ্র মোদী আসলে বোঝানোর চেষ্টা করছেন তৃণমূল নেত্রীর এই ভাষা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে আঘাত করে। মমতা ব্যানার্জির এই কথা বাংলায় কৃষ্টি ও সংস্কৃতিকে লজ্জায় ফেলেছে।
আজ গঙ্গারামপুরের সভা থেকে নরেন্দ্র মোদী বলেন, “দুর্নীতির বিরুদ্ধে মানুষের হয়ে দিদিকে প্রশ্ন করি। দিদি কোনও উত্তর দেন না। আমায় শুধু গালি দেন। উনি বলেছেন মোদীকে কান ধরে উঠবস করাবো। আরে দিদি ও দিদি… শ্রদ্ধেয় দিদি, আপনি বাংলার গরিব জনতাকে যারা লুট করেছে সেই তোলাবাজদের কান ধরলে বা নিজের ভাইপোকে কান ধরে ওঠবোস করালে আজ এই দিন আপনাকে দেখতে হতো না”।
প্রধানমন্ত্রী বলেন, মোদীকে গালি না দিলে দিদির সকাল-বিকেল শুরু হয় না। এরপরই তিনি একেবারে তারিখ ধরে ধরে তাঁকে উদ্দ্যেশ্য করে দিদির বলা এক একটি ভাষা স্মরণ করিয়েছেন। তিনি বলেন, “আমায় কি কি গালি দিয়েছেন দিদি তা দেশবাসীর কাছে বলতে চাই। বুদ্ধিজীবীরাও বিবেচনা করুন। ১৯ মার্চ দিদি বলেন, উনি মোদীর মুখ দেখতে চান না। দেশের প্রধানমন্ত্রীকে দাঙ্গাবাজ, দুর্যোধন, দুঃশাসনের সঙ্গে তুলনা করেছেন দিদি। ২০ মার্চ আমায় শ্রমিকদের হত্যাকারী ও দাঙ্গাবাজ বলেছেন। ২৪ মার্চ দেশের প্রধানমন্ত্রীকে তিনি মিথ্যেবাদী বলেছেন। আর ২৫ মার্চ যা বলেছেন তা বলার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাংলার সংস্কৃতি সচেতন মানুষ এই শব্দ পছন্দ করবেন না। ২৫ শে মার্চ দেশের প্রধানমন্ত্রীকে উনি বলেছেন, তুমি শালা খুনির রাজা। তুমি সব টাকা লুটে নিয়েছে। আমি ওকে দিদি ছাড়া কিছু বলি না। হ্যাঁ দু’বার দিদি বলি বটে। ২৬ শে মার্চ দিদি বলেছেন মোদীর দাড়ি বেড়ে যাচ্ছে। মোদীর মাথার স্ক্রু ঢিলা হয়ে গিয়েছে।” নরেন্দ্র মোদী প্রশ্ন করেছেন, “এইসব ভাষা কি দশ বছরের মুখ্যমন্ত্রীকে শোভা পায়? ৪ এপ্রিল দিদি প্রচন্ড রেগে গেলেন। ১২ এপ্রিল বললেন, যেখানে আমি যাই দাঙ্গা হয়। ১৩ এপ্রিল আমায় নির্বোধ বলেছেন। এই তালিকা আরোও আরোও দীর্ঘ।”
ভোট প্রচারে মমতা তথা তৃণমূল বিজেপিকে বারবার বহিরাগত বলে আক্রমণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বহিরাগতদের বাংলা দখল করতে দেবো না। ওরা বাংলা সংস্কৃতি বোঝে না। কিন্তু আজ বাংলা সংস্কৃতিকে টেনেই দিদিকে পাল্টা জবাব দিয়েছেন মোদী। তার কথায়, “দিদির গালি নিয়ে আমার কোনও সমস্যা নেই, দিদি যত গালি দেওয়ার দিন, তবে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে দয়া করে ভুলবেন না। বাংলার সম্বৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে দেশবাসী গর্ব করে। বাংলা ও বাঙালি গোটা পৃথিবীতে ভারতকে গৌরাবান্বিত করেছে। তাই এই সব ভাষা বলে দিদি শুধু মোদীকেই অপমান করছেন তা নয় তিনি বাংলার সংস্কৃতি, মিষ্টি ভাষা ও সংস্কৃতিকে লজ্জায় ফেলছেন।”

