আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর: সারা বিশ্বের মধ্যে প্রথম ডিএনএ টিকা তৈরী করে ফেলেছে ভারত, রাষ্ট্রসঙ্ঘের সভায় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান ১২ বছরের ঊর্ধ্বে করোনার প্রতিষেধক হিসাবে সকলকেই এই টিকা দেওয়া যেতে পারে। এমআরএনএ টিকা শেষ পর্যায়ে। করোনার ন্যাজাল টিকা উৎপাদনের দিকেও অনেকখানি এগিয়ে গিয়েছে দেশ। দুনিয়া জুড়ে টিকা উৎপাদনকারীদের কাছে তার আহ্বান, আসুন টিকা তৈরি করুন ভারতে।
মোদী বলেন, তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে কুড়ি বছর ধরে দেশবাসীর সেবা করছেন। মানব ধর্ম অনুযায়ী স্ব(নিজের) থেকে সমস্ত পর্যন্ত উন্নয়নে তিনি বিশ্বাসী। তিনি দাবি করেন, সর্বব্যাপী উন্নয়নের রাস্তায় ভারতকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটাই তাদের অগ্রাধিকার। তিনি জানান, গত সাত বছরে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে ভারতের ৪৩ কোটির বেশি যুক্ত হয়েছেন। ৩৬ কোটির বেশি লোক বীমার আওতায় এসেছেন। ৫০ কোটির বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। গৃহহারা ২৩ কোটি মানুষকে ঘর তৈরি করে দেওয়া হয়েছে।
মোদী বলেন, দূষিত জল শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে বিশেষ করে গরিব ও উন্নয়নশীল দেশগুলির জন্য বড় সমস্যা। আমরা ১৭ কোটির ঘরে পাইপের মাধ্যমে জল পৌঁছে দিয়েছি। দুনিয়ার বৃহৎ দেশের জমি ও ঘরের অধিকার নেই। ভারতে ৬ লক্ষের বেশি গ্রামে ড্রোনের মাধ্যমে ম্যাপিং করে কোটি কোটি লোককে তাদের ঘর জমির ডিজিটাল রেকর্ড তৈরি করে দিয়েছি।
আন্তর্জাতিক মঞ্চ থেকে ভারতের উন্নতি বিশ্বের জন্য কতটা দরকারি তাও মনে করে দিয়েছেন মোদী। তাঁর কথায়, বিশ্বের প্রতি ছয়জন ব্যক্তির একজন ভারতীয়। তাই ভারতীয়দের উন্নয়ন হলে বিশ্বের উন্নয়নের গতি বাড়বে। ভারত এগিয়ে গেলে বিশ্ব এগোবে। ভারতে সংস্কার করলে বিশ্বে পরিবর্তন আসবে। ভারতের বৈজ্ঞানিক উদ্ভাবন বিশ্বকে সাহায্য করতে পারে। ইউপিআই ব্যবহার করে প্রতিমাসে ৩৫০ কোটির বেশি লেনদেন হচ্ছে ভারতে। টিকা প্লাটফর্ম কো-উইনে এক দিনে কোটি কোটি মানুষের টিকার ব্যবস্থা করা হচ্ছে।

