আমাদের ভারত, ২১ মার্চ: সোমবার অস্ট্রেলিয়া ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে একটি ফলপ্রসূ ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে বিপুল অংকের বাণিজ্যচুক্তি সহ যৌথ উদ্যোগে একাধিক প্রকল্প নিয়ে পাকা সিদ্ধান্ত হয়। এই বৈঠকের আগেই ভারতের বহুমূল্য ঐতিহাসিক সামগ্রী ফেরালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আর এর ফলে ভারত অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় হলো বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
মোদীকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন কথা দিয়েছিলেন ভারতের মোট ২৯ টি ঐতিহাসিক সামগ্রী ফিরিয়ে দেওয়া হবে। যার মধ্যে অধিকাংশই হিন্দু স্থাপত্যকীর্তি। সেই সব সামগ্রী নিজে দেখেছেন মোদী। সোমবার দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের পর সবটা জানিয়েছেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

২০২০ সালের জুনে প্রথমবার ভারত অস্ট্রেলিয়ার মধ্যে এই ধরনের সম্মেলন হয়েছিল। তাতে উভয়ের সম্পর্ক সুদৃঢ় হয়। এরপর সোমবার মোদী মরিসন বসলেন দ্বিপাক্ষিক দ্বিতীয় বৈঠকে। এই মুহূর্তে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তপ্ত। আন্তর্জাতিক স্তরে আলোচনার মূল বিষয়বস্তুও এটি। ফলে মোদী-মরিসন বৈঠকে এই বিষয়টি যে উঠে আসবে তা প্রত্যাশিত ছিল। যদিও দুই দেশের রাষ্ট্রপ্রধানের আলোচনায় যুদ্ধের প্রসঙ্গ সরাসরি আসেনি বলে জানা গেছে। তবে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দু’দেশের তরফের নিরাপত্তা বৃদ্ধি নিয়ে কথা হয়েছে।
এছাড়া গণমাধ্যম নিয়ে দু’দেশের মধ্যে চুক্তি হয়েছে। বিদেশ সচিব জানিয়েছেন প্রসার ভারতী, ডিডি ইন্ডিয়া, ডিডি নিউজের সঙ্গে অস্ট্রেলিয়া চ্যানেলের চুক্তি অনুযায়ী দু দেশের সাংস্কৃতিক আদান-প্রদান হবে। বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হবে উভয় দেশেই। জানা যাচ্ছে, এবারেই দু’দেশের মধ্যে সবচেয়ে বেশি অংকের চুক্তি হয়েছে। জানা গেছে, ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে অস্ট্রেলিয়া ভারতে।
তবে মোদী-মরিসনের আলোচনায় সবচেয়ে আগ্রহের বিষয় পুরাতন স্থাপত্যকীর্তিগুলি ফেরানো। অস্ট্রেলিয়ায় থাকা ২৯টি ঐতিহাসিক সামগ্রী ফেরানো হয়েছে ভারতে। তার মধ্যে বেশিরভাগই শিব, বিষ্ণুমূর্তি রয়েছে। এছাড়াও রয়েছে বেশকিছু জৈন স্থাপত্যকীর্তি।

