“আমি ও আমার প্রায় ১০০ বছরের বৃদ্ধা মা টিকা নিয়েছি,” আশঙ্কা কাটিয়ে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান মোদীর

আমাদের ভারত, ২৭ জুন: করোনার বিরুদ্ধে লড়াই করতে হলে দেশজুড়ে টিকাকরণ ছাড়া আর অন্য কোনো উপায় নেই। তাই কেন্দ্র সরকার টিকাকরণের জোর দিয়েছে। রবিবার “মন কি বাতে অনুষ্ঠানের ৭৮ তম পর্বে দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার কথা আরো একবার মনে করিয়ে দেন মোদী। নিজের মায়ের প্রসঙ্গ উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি। একইসঙ্গে কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিংকে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

করোনার বিরুদ্ধে লড়াই করতে বিনামূল্যে দেশজুড়ে টিকাকরণের জোর দিয়েছে কেন্দ্র সরকার। ২১ জুন নজির গড়ে ভারতে ৮৬ লক্ষেরও বেশি মানুষ টিকা নিয়েছেন। কিন্তু এত কিছুর পরেও দেশবাসীর একাংশ টিকা নিতে ভয় পাচ্ছেন।‌ টিকাকরণ নিয়ে নানা আশঙ্কা তৈরি হয়েছে তাদের মধ্যে। আজ মন কি বাত অনুষ্ঠানে মোদী এই প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, অনেক দেশবাসী এখনো ভ্যাকসিন নেননি। কিন্তু দেশের প্রতিটি প্রান্তে মানুষের ভ্যাকসিন নেওয়া উচিত। ভ্যাকসিন নিলে সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে কিন্তু করোনাকে হারাতে ভ্যাকসিন ছাড়া আর দ্বিতীয় কোনও উপায় নেই বলেই আজ স্পষ্ট করেন প্রধানমন্ত্রী।

করোনাকে হারাতে টিকার বিকল্প নেই বলেই মনে করেন মোদী। তিনি বলেন, চিকিৎসা বিজ্ঞানের উপর আমাদের আস্থা রাখতে হবে। দেশবাসীর মন থেকে আশঙ্কা সরিয়ে সাহস জাগাতে হবে। এক্ষেত্রে তিনি নিজের মায়ের উদাহরণ দেন। মোদী বলেন, “আমি ও আমার প্রায় ১০০ বছরের বৃদ্ধা মা টিকা নিয়েছি। অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের যা ইচ্ছে করতে দিন। আমরা টিকা নেব এবং করোনাবিধি মেনে চলবো। তবেই আমরা করোনার বিরুদ্ধে লড়াই করতে পারব।”

চলতি মাসেই ১৮ জুন কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিংহ প্রয়াত হন। এদিনের মন কি বাত অনুষ্ঠানে অলিম্পিকের কথা উঠতেই মিলখা সিংয়ের কথা মনে পড়ে যায় বলে জানান তিনি। মোদীর কথায়, “যখন অলিম্পিকসের কথা ওঠে তখন আমরা কি করে মিলখা সিং-কে স্মরণ না করে থাকতে পারি? তিনি হাসপাতালে থাকাকালীন তাঁর সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তাঁকে অনুরোধ করেছিলাম যেসব অ্যাথলেট টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করবে তাদের উৎসাহিত করুন আপনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *