মোদী বিশ্বগুরু, পথ দেখান! সামনে মোদী পেছনে বাইডেন কিশিদার মতো তাবড় নেতা, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

আমাদের ভারত, ২৪ মে: তিনি সবার আগে। তার পিছনে হেঁটে আসছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন সহ বিশ্বের বড় বড় নেতা। সবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটি পোস্ট করে বিজেপির নেতা মন্ত্রীরা দাবি করেছেন, বিশ্বকে পথ দেখাচ্ছেন “বিশ্বগুরু” নরেন্দ্র মোদী।

মঙ্গলবার সকালে জাপানে কোয়াডের বৈঠক ছিল। সেই বৈঠকে ছিলেন চার সদস্য দেশের রাষ্ট্র নেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মোদীর এই ছবিটি ভাইরাল হয়েছে। এই ছবিটি পোস্ট করে মোদীর প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতৃত্ব।

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি লিখেছেন, দেশের প্রধান সেবক পথ জানেন, সেই পথেই যান এবং বাকিদের রাস্তা দেখান। শুধু স্মৃতি ইরানি নয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু থেকে শুরু করে বেশিরভাগ বিজেপি নেতা মন্ত্রীরা এই ছবি পোস্ট করে মোদীকে বিশ্ব গুরু হিসেবে তুলে ধরেছেন।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন। সহস্র শব্দ বলে দেয় এই ছবি।

কোয়াড বৈঠকে মোদী বলেন, কম সময়ের মধ্যে বিশ্বে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে চতুর্দেশীয় এই অক্ষ। এই অক্ষে রয়েছে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া। মোদী বলেন, বর্তমানে তাদের হাতে প্রচুর সুযোগ আছে এবং তারা আরো বেশি প্রভাবশালী হয়ে উঠেছে। তাঁর কথায় করোনাভাইরাস মহামারীর কঠিন পরিস্থিতিতে টিকার বন্টন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ যোগানের ব্যবস্থার স্থিতিস্থাপকতা, বিপর্যয় মোকাবিলা এবং অর্থনৈতিক সহযোগিতার মত ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় বাড়িয়েছে এই অক্ষ।

ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসন আটকাতে কোয়াড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও জানিয়েছেন মোদী। তিনি বলেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রেখেছে কোয়াড। গঠনমূলক কর্মসূচি নিয়ে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভালো কাজ করে চলেছে। মোদী বলেন, চার দেশের পারস্পরিক বিশ্বাস ও দৃঢ় প্রতিজ্ঞার কারণে নয়া উন্মাদনা উৎসাহ পেয়েছে কোয়াডের মতো গণতান্ত্রিক শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *