পৃথিবীতে বসে করা সংকল্প পূরণ হলো চাঁদে, চন্দ্র অভিযানের সাফল্যে উচ্ছ্বসিত মোদী

আমাদের ভারত, ২৩ আগস্ট: ভারতীয় মহাকাশ গবেষণায় সংস্থার মিশন চন্দ্রযান ৩ বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে। এর ফলে ভারত বিশ্বের প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছালো। গোটা বিশ্বের নজর ছিল আজকের এই মহাকাশ অভিযানের দিকে। দক্ষিণ আফ্রিকা থেকে মিশন সরাসরি দেখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে রয়েছেন প্রধানমন্ত্রী জোহান্সবার্গে। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক দেশবাসীর মতো আমার মন সম্পূর্ণ ছিল চন্দ্র অভিযানের দিকে।

ভারত চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে। আজ পর্যন্ত যেখানে কোনো দেশ এর আগে পৌঁছায়নি। আজ থেকে চাঁদ সংক্রান্ত প্রচলিত ধারণা বদলে যাবে। প্রধানমন্ত্রী বলেন, চোখের সামনে এমন ইতিহাস তৈরি হতে দেখলে গর্ববোধ করি আমরা। এই ধরনের ঐতিহাসিক ঘটনাই হয়ে ওঠে জাতির জীবনের চেতনা। এই মুহূর্তটি অবিস্মরণীয় মুহূর্ত, নজির বিহীন অভূতপূর্ব মুহূর্ত। এটি একটি উন্নত ভারতের মুহূর্ত। এটি একটি নতুন ভারতের জন্য গলা ফাটানোর মুহূর্ত। এই মুহূর্ত চাঁদ জয়ের পথে হাটার মুহূর্ত। এটি ১৪০ কোটি মানুষের শক্তির প্রতিফলন। এটি ভারতের নতুন শক্তি নতুন চেতনার মুহূর্ত। অমৃত কালের প্রথম আলো সাফল্যের অমৃত বর্ষণ করেছে। আমরা পৃথিবীতে সংকল্প করেছি চাঁদে গিয়ে তা পূরণ করেছি।

প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা মহাকাশের নিউ ইন্ডিয়ার নতুন উড়ানের সাক্ষী হয়েছি। প্রতিটি ঘরে ঘরে উৎসব শুরু হয়েছে। আমার হৃদয় থেকে আমি আমার দেশবাসী, আমার পরিবারের সদস্যদের সঙ্গে উৎসাহ উচ্ছ্বাসে যুক্ত আছি। আমি চন্দ্রযান ৩-এর টিম ইসরো এবং দেশের সমস্ত বিজ্ঞানীদের আন্তরিক অভিনন্দন জানাই। যারা এই মুহূর্তের জন্য এত বছর ধরে কঠোর পরিশ্রম করেছে। আমাদের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের ফলে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে। যেখানে পৃথিবীর কোনো দেশ আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, আজ থেকে বদলে যাবে চাঁদ সংক্রান্ত সমস্ত প্রচলিত ধারণা। বদলে যাবে কাহিনী। নতুন প্রজন্মের জন্য প্রবাদও বদলে যাবে। ভারতে আমরা সবাই পৃথিবীকে মা চাঁদকে মামা বলে ডাকি। এক সময় বলা হতো চাঁদ মামা অনেক দূরে আছে। একদিন এমন আসবে যখন ছেলে মেয়েরা বলবে চাঁদ মামা শুধু ট্যুরে আছে। অর্থাৎ আগামী প্রজন্ম চাঁদে পর্যটনের জন্য যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *