রাজেন রায়, কলকাতা, ৭ মার্চ: প্রার্থী ঘোষণার পরও তৃণমূলে রক্তক্ষরণ অব্যাহত। বিধানসভা ভোটে টিকিট না পেয়ে এ বার ‘বিদ্রোহীদের’ তালিকায় নাম লেখালেন তৃণমূলের আরও কয়েকজন বিধায়ক। তবে টিকিট পাওয়া সত্ত্বেও দলবদল করেছেন অনেকে। সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য (মাস্টারমশাই) নিজের ছেলেকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে, দক্ষিণ বসিরহাটের বেসুরো তৃণমূল বিধায়ক দিপেন্দু বিশ্বাসও আজই গেরুয়া শিবিরে যোগদান করেছেন। বেশ কয়েক দিনের জল্পনার পর বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। এ ছাড়াও সোনালি গুহ এবং হবিবপুরের টিকিট পাওয়া বিধায়ক সরলা মুর্মু যোগ দিচ্ছেন বিজেপিতে।
দলত্যাগের সিদ্ধান্তের সঙ্গেই তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন মাস্টারমশাই। তিনি এ দিন বলেন, “আমাকে পরিত্যাগ করা হয়েছে। কিছুই না জানিয়ে চারবারের জেতা আসন থেকে বাদ দেওয়া হয়েছে আমায়।” কিন্তু, টিকিট না মানেই কি পরিত্যাগ করা? সিঙ্গুরের মাস্টারমশাই জানান, “হ্যাঁ, আমার জন্য তা’ই।” বিজেপি যদি একই আসনে তাঁকে টিকিট দেয় তবে তিনি লড়তে প্রস্তুত বলেও জানিয়েছেন সিঙ্গুরের বছর ৮৪-র এই বিধায়ক। তাঁর পাশাপাশি আরও অনেকেই এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বিধায়ক দিপেন্দু বিশ্বাস।
তিনি বলেন, “সব সময়েই দলের জন্য খেটে এসেছি। তারপরও কেন বাদ দেওয়া হল জানি না। কোনও সমস্যাও দলের সঙ্গে হয়নি।” দীপেন্দু জানান, হাবড়ার বিধয়ক জ্যোতিপ্রিয় মল্লিক ফোন করেছিলেন। কিন্তু ততক্ষণে আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।

