ভিক্টোরিয়া মেমোরিয়ালে ‘বিপ্লবী ভারত’ গ্যালারির উদ্বোধন মোদীর, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

কলকাতা, ২৩ মার্চ: শহিদ দিবসে দেশের বিপ্লবীদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। বুধবার শহিদ দিবসে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করা হবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

অনুশীলন সমিতি ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের  অনুশীলন তত্ত্বের আদর্শে গঠিত বাংলার একটি সশস্ত্র ব্রিটিশ-বিরোধী সংগঠন। একসমর ব্রিটিশ সরকারের ঘুম কেড়ে নিয়েছিল এই গোষ্ঠীর বিপ্লবীরা। মূলতঃ ঢাকা ও 
কলকাতা শহরকে কেন্দ্র করে এই দলটি বিংশ শতাব্দীর প্রথমভাগে সংগঠিত হয়। তবে কলকাতায় প্রথম অনুশীলন সমিতির আখড়াগুলি ১৯০২ সালেই শুরু হলেও পরবর্তীকালে ঢাকায় তা আরও বিস্তৃত হয়। বর্তমান প্রজন্মের কাছে এগুলো তুলে ধরা হচ্ছে ছবি ও তথ্যের মাধ্যমে। অনুশীলন সমিতি ছাড়াও অরবিন্দ ঘোষ, আলিপুর বোমা মামলা, বিপ্লবীদের আত্মপ্রকাশের যুগ, চাপেকার সংগঠন’ প্রভৃতি শিরোনামে রয়েছে দেওয়ালে বাঁধানো ফটো, কাঁচের বাক্সে সংশ্লিষ্ট নথি।

ভার্চুয়াল মাধ্যমে এই গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যায় তিনি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই গ্যালারির উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, ব্রিটিশ শাসনকালে দেশের স্বাধীনতা সংগ্রামীদের কঠোর লড়াই ও আত্মবলিদানের ইতিহাসই তুলে ধরা হয়েছে।

১৯৪৭ সালে ভারত ব্রিটিশদের হাত থেকে যেভাবে স্বাধীনতা অর্জন করেছিল, তার আগের সংগ্রাম এবং স্বাধীনতা যোদ্ধাদের অবদানকে তুলে ধরতেই এই গ্যালারি তৈরি করা হয়েছে। ভার্চুয়াল অনুষ্ঠানেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিপ্লবী ভারত গ্যালারিতে ভারতের স্বাধীনতা সংগ্রামের পিছনে যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, তা যেমন তুলে ধরা হয়েছে, একইসঙ্গে স্বাধীনতা সংগ্রামের শুরু, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের তৈরি সংগঠন, আন্দোলনের বিস্তার, ভারতীয় সেনাবাহিনীর গঠন সহ একাধিক দিক তুলে ধরা হয়েছে এই গ্যালারিতে।

এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু সহ ভারতমাতার বীর সন্তানদের উদ্দেশ্যে শ্রদ্ধা অর্পণ করেছেন। টুইটে তিনি বলেন, মাতৃভূমিকে রক্ষা করতে দেশের স্বাধীনতা সংগ্রামীরা যেভাবে আত্মত্যাগ করেছেন, তা দেশের সাধারণ মানুষকে রোজ অনুপ্রাণিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *